বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে আগামী সপ্তাহের শেষ দিকে যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় প্রায় ২৫টি শিল্প ও ব্যবসা প্রতিষ্ঠানের প্রতিনিধিত্বকারী প্রায় ৪৫ জন শীর্ষ ব্যবসায়ী ও প্রথম সারির কর্মকর্তা বাংলাদেশ সফরে আসছেন। এই সফরকালে তারা সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের দায়িত্বশীল কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গেও তাদের একটি বৈঠক অনুষ্ঠিত হবে। বর্তমান সরকারের আশা, এই সফরের মাধ্যমে বাংলাদেশে নতুন বিনিয়োগ, দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ এবং দীর্ঘমেয়াদী অর্থনৈতিক অংশীদারিত্বের নতুন সুযোগ সৃষ্টি হবে।
শনিবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। তিনি জানান, শনিবার সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে আসেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর। তার সঙ্গে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এবং মার্কিন দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বৈঠকে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা, আইসিটি উপদেষ্টা এবং মুখপাত্র মাহদী আমিন।
মাহদী আমিন আরও বলেন, অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত বৈঠকে যুক্তরাষ্ট্র বাংলাদেশের জনগণের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের প্রতি দৃঢ় আস্থা প্রকাশ করেছে। তারা উল্লেখ করেছে, প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে এসেছে এবং দেশ একটি ইতিবাচক ও গণতান্ত্রিক অগ্রযাত্রার মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে। গত প্রায় পাঁচ মাসে রাষ্ট্র পরিচালনায় প্রধানমন্ত্রী যে নীতিগত পদক্ষেপ গ্রহণ করেছেন, সেগুলোরও প্রশংসা করেছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে দুই দেশের বহুমাত্রিক সম্পর্ককে আরও গভীর করার বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। বিশেষ করে অর্থনীতি, বাণিজ্য, বিনিয়োগ এবং পারস্পরিক সহযোগিতার নতুন নতুন ক্ষেত্র সৃষ্টির মাধ্যমে সম্পর্ককে আরও উচ্চতায় নিয়ে যাওয়ার বিষয়ে মত বিনিময় হয়েছে।
রিপোর্টারের নাম 





















