বাগেরহাটের মোড়েলগঞ্জে সেপটিক ট্যাংকের দেয়াল ধসে এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনায় আরও দুজন শ্রমিক আহত হয়েছেন। শনিবার দুপুর ১টার দিকে উপজেলার গুলিশাখালী ফাজিল মাদরাসায় এই দুর্ঘটনা ঘটে।
মৃত শ্রমিকের নাম মো. আতিয়ার রহমান (৪৫)। তিনি যশোর জেলার আশরাইল গ্রামের মো. বদরউদ্দিনের ছেলে। আহত শ্রমিকরা হলেন নয়ন ও মমিনুল। তাদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, নির্মাণাধীন সেপটিক ট্যাংকের ভেতরে কয়েকজন শ্রমিক কাজ করছিলেন। হঠাৎ ট্যাংকের একটি দেয়াল ধসে পড়লে তিন শ্রমিক ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন। তাদের আর্তচিৎকার শুনে স্থানীয়রা দ্রুত পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেন।
পরে যৌথ উদ্ধার অভিযানে তিনজনকে উদ্ধার করা হলেও আতিয়ার রহমানকে মৃত অবস্থায় পাওয়া যায়। বাকি দুজনকে জীবিত উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
মোড়েলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদুর রহমান জানান, নিহত শ্রমিকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে তিনি নিশ্চিত করেন।
রিপোর্টারের নাম 
























