দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, মাদক নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সরকারের পাশাপাশি স্বেচ্ছাসেবী সংগঠন, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সাধারণ মানুষের সম্মিলিত প্রচেষ্টাতেই মাদকমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব।
শনিবার দুপুরে লালমনিরহাট জেলা পরিষদ হলরুমে ‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে আয়োজিত অনুষ্ঠানে ২৫টি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের মাঝে গাছের চারা বিতরণকালে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, বিগত সরকারের সময়ে সীমান্ত দিয়ে অবাধে মাদক প্রবেশ করায় যুবসমাজের একটি বড় অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এই অবস্থা থেকে উত্তরণে জনসচেতনতা বৃদ্ধি এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলা অপরিহার্য। তিনি আরও বলেন, বৃক্ষরোপণের পাশাপাশি মাদক, জুয়া, ক্যাসিনো, বাল্যবিয়ে ও যৌতুকের মতো সামাজিক অপরাধ প্রতিরোধে স্বেচ্ছাসেবীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
যুবসমাজের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, ‘তোমাদের চোখে আমরা নতুন বাংলাদেশ গড়তে চাই। তোমরাই নতুন বাংলাদেশের হাতিয়ার। তাই তোমাদের মাদককে না বলতে হবে। মাদকের বিরুদ্ধে তোমাদের প্রতিরোধ গড়ে তুলতে হবে। তবেই হবে মাদকমুক্ত বাংলাদেশ।’
অনুষ্ঠানে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের নেতারা বক্তব্য রাখেন। এ সময় জেলা প্রশাসক এইচ এম রাশেদুল হক প্রধান এবং জেলা পরিষদের প্রশাসক এ কে এম মমিনুল হক উপস্থিত ছিলেন।
রিপোর্টারের নাম 
























