নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগের কারণে বাংলাদেশ ক্রিকেট দলকে ভারতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার অনুমতি না দিলেও, শুটিংয়ের এশিয়ান চ্যাম্পিয়নশিপে অংশ নেওয়ার জন্য বাংলাদেশের দুই সদস্যের একটি দলকে ছাড়পত্র দিয়েছে সরকার। আগামী ২ থেকে ১৪ ফেব্রুয়ারি ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিতব্য এই প্রতিযোগিতায় অংশ নিতে শুটার রবিউল ইসলাম ও তাঁর কোচ শারমিন আক্তার ভারতে যেতে পারবেন।
এ বিষয়ে জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) পরিচালক (ক্রীড়া) মোহাম্মদ আমিনুল এহসান জানান, “গতকাল বুধবার সরকার দুই সদস্যের জন্য ছাড়পত্র (জিও) দিয়েছে। একজন খেলোয়াড় এবং আরেকজন কোচ। তারা ভারতে খেলতে পারবেন, এতে কোনো বাধা নেই।”
জানা গেছে, শুটিং প্রতিযোগিতাটি ইনডোর এবং একটি সংরক্ষিত এলাকায় অনুষ্ঠিত হবে। এই কারণে বড় ধরনের নিরাপত্তা ঝুঁকি থাকবে না বলে সরকার শুটার রবিউল ইসলাম ও কোচ শারমিন আক্তারকে অংশগ্রহণের অনুমতি দিয়েছে।
আগামী ৬ ফেব্রুয়ারি ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করার কথা রয়েছে রবিউলের। ২০২৪ সালের প্যারিস অলিম্পিকের পর এটিই হবে তাঁর প্রথম আন্তর্জাতিক প্রতিযোগিতা। আসন্ন টুর্নামেন্টের জন্য তিনি সাউথ এশিয়ান গেমসের ক্যাম্পে নিবিড় অনুশীলনে রয়েছেন।
গত আসরগুলোতে বাংলাদেশ শুটিং ফেডারেশন (বিএসএসএফ) রাইফেল ও পিস্তল ইভেন্টে নারী-পুরুষ মিলিয়ে বড় দল পাঠালেও, এবার চিত্র ভিন্ন। রবিউলের সঙ্গে কেবল কোচ শারমিন আক্তার যাচ্ছেন, অন্য কোনো শুটারকে পাঠাচ্ছে না ফেডারেশন। এই সিদ্ধান্ত ফেডারেশন কর্তাদের ব্যর্থতাকেই নির্দেশ করে। রবিউল ও তাঁর কোচ আগামী ৩১ জানুয়ারি ভারতের উদ্দেশ্যে রওনা দিতে পারেন।
রিপোর্টারের নাম 
























