ময়মনসিংহে বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের একটি নির্বাচনী জনসভার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিবকে নিয়ে যে সমালোচনা শুরু হয়েছিল, তার প্রেক্ষিতে তিনি নিজেই ঘটনার বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন। নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে ওই ভিডিওর পূর্ণাঙ্গ অংশ পোস্ট করে রাকিব এই ব্যাখ্যা প্রদান করেন।
রাকিব জানান, তার জন্মস্থান ময়মনসিংহ। গত ২৭ জানুয়ারি সেখানে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান মঞ্চে আসন গ্রহণের পরপরই তাকে ডেকে নিজের পাশে বসতে নির্দেশ দেন। তবে, তিনি কেডস পরা থাকায় বসতে কিছুটা অসুবিধা হচ্ছিল। এই সময় আতিকুর রহমান রুমন ভাই, যিনি ‘আমরা বিএনপি পরিবার’ এর আহ্বায়ক হিসেবে পরিচিত এবং গুম-খুন-নির্যাতিতদের অধিকার নিয়ে দীর্ঘ সময় ধরে কাজ করছেন, তিনি রাকিবকে চেয়ারম্যানের ঠিক সামনে পা ঝুলিয়ে বসার জন্য অনুরোধ জানান। এরপর রাকিব তারেক রহমানের অনুমতি নিয়েই তার ঠিক সামনে বসেন।
ছাত্রদল সভাপতি বলেন, মঞ্চে বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ, যেমন- যুগ্ম মহাসচিব, সাংগঠনিক সম্পাদক, পাঁচটি জেলার সভাপতি এবং ময়মনসিংহ বিভাগের প্রায় ২৪টি আসনের সংসদ সদস্য পদপ্রার্থীরা উপস্থিত থাকা সত্ত্বেও শুধুমাত্র ছাত্রদলের সভাপতি হিসেবে তাকে বিশেষভাবে ডেকে পাশে বসার নির্দেশ দেওয়ায় তিনি অত্যন্ত সম্মানিত বোধ করেছেন। তিনি অভিযোগ করেন, মূল ভিডিওর অংশবিশেষ এড়িয়ে খণ্ডিত অংশ প্রচার করে একটি ভিন্ন বার্তা দেওয়ার চেষ্টা করা হচ্ছে।
রাকিব আরও বলেন, জিয়া পরিবার নির্যাতিত ও মজলুমদের আশ্রয়স্থল এবং তারা ত্যাগী কর্মীদের শ্রম ও ত্যাগের মূল্য দেন। গত সাড়ে ১৫ বছর ধরে ছাত্রদলের নেতৃত্বে থেকে যারা দেশের জন্য জীবনবাজি রেখে রাজপথে লড়াই-সংগ্রাম করেছেন, তাদের উদ্দেশ্যে তিনি বলেন, আমাদের সাংগঠনিক অভিভাবক তারেক রহমান অবশ্যই সবাইকে তাদের অবস্থান অনুযায়ী যথাযথ মূল্যায়ন করবেন।
তিনি মনে করিয়ে দেন, তারেক রহমান কেবল এক মাস হলো দেশে ফিরেছেন। তাই সকলের ধৈর্য ও সহনশীলতার সঙ্গে তার ভিশন বাস্তবায়নে কাজ করে যেতে হবে।
রিপোর্টারের নাম 























