রাজধানীর নিউ মার্কেট থানায় দায়ের করা একটি হত্যা মামলায় ঝালকাঠি জেলা যুবলীগের আহ্বায়ক রেজাউল করিম জাকিরসহ চারজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর শাহবাগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত অন্য তিনজন হলেন – জেলা যুবলীগ নেতা মো. মেহেদী হাসান মুন্না (২৯), রাজাপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. আহসান হাবিব রুবেল (৩৭) এবং জেলা যুবলীগ সদস্য শাহজাদা মহসিন পরাগ (৪৪)। ডিবির উপ-পরিদর্শক মো. সুজন হকের নেতৃত্বে একটি দল এই অভিযান পরিচালনা করে।
পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ১৭ জুলাই ছাত্র-জনতার আন্দোলনের সময় মো. শাহজাহান আলী (২৪) নামে এক যুবককে হত্যার ঘটনায় এই মামলাটি দায়ের করা হয়েছিল। গ্রেপ্তারকৃতদের এই মামলায় সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়ায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার গ্রেপ্তারকৃতদের ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে সোপর্দ করা হবে। উল্লেখ্য, গ্রেপ্তারকৃত জাকির ও পরাগের বিরুদ্ধে ঝালকাঠি থানায়ও একাধিক মামলা রয়েছে।
রিপোর্টারের নাম 



















