দীর্ঘ প্রায় উনিশ বছর পর দেশের উত্তরাঞ্চলে দলীয় কর্মসূচিতে অংশ নিতে আগামীকাল বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ঢাকা থেকে রাজশাহী অভিমুখে যাত্রা করছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তাঁর এই সফরকে ঘিরে দলটির মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।
সফরের প্রথম পর্বে, তারেক রহমান রাজশাহীতে আয়োজিত একটি গুরুত্বপূর্ণ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এরপর সেখান থেকে তিনি নওগাঁয় গিয়ে দলীয় এক জনসভায় যোগ দেবেন বলে জানা গেছে। রাজশাহী ও নওগাঁর কর্মসূচি শেষে তাঁর বগুড়া যাওয়ার কথা রয়েছে।
বগুড়ায়, তারেক রহমান বগুড়া-৬ (সদর) আসনে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে বিভিন্ন কার্যক্রমে অংশ নেবেন। পাশাপাশি, জেলা বিএনপি কর্তৃক আয়োজিত শহরের ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে একটি জনসভায় তিনি প্রধান বক্তা হিসেবে ভাষণ দেবেন। এই জনসভাকে ঘিরে জেলা বিএনপি ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। গত রবিবার দলটির জেলা নেতৃবৃন্দ আলতাফুন্নেছা খেলার মাঠ পরিদর্শন করেন এবং সেখানে আয়োজনের প্রস্তুতি খতিয়ে দেখেন। পরিদর্শনের সময় জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য মাহবুবর রহমান, সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এর আগে গত ১১ জানুয়ারি তাঁর বগুড়া সফরের কথা থাকলেও, নির্বাচন কমিশনের অনুরোধে সে সময় তাঁর ওই কর্মসূচি স্থগিত করা হয়েছিল। লন্ডনে দীর্ঘ প্রায় দেড় যুগ নির্বাসিত জীবন যাপনের পর দেশে ফেরার পর এটি তাঁর নিজ নির্বাচনী এলাকায় প্রথম আনুষ্ঠানিক সফর। এই সফরকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ ও কর্মী-সমর্থকদের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে।
রিপোর্টারের নাম 
























