বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যারা একাত্তরে বাংলাদেশের মহান স্বাধীনতার বিরোধিতা করেছিল, তারাই আজ ‘দাঁড়িপাল্লা’ প্রতীক নিয়ে সাধারণ মানুষের কাছে ভোট প্রার্থনা করছে। এই অশুভ শক্তির বিষয়ে দেশবাসীকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন তিনি।
শনিবার দুপুরে ঠাকুরগাঁও-১ নির্বাচনী এলাকার আউলিযাপুর ইউনিয়নে আয়োজিত এক পথসভায় ভোটারদের উদ্দেশে তিনি এসব কথা বলেন। ঠাকুরগাঁও-১ আসনে ধানের শীষ প্রতীকের এই প্রার্থী মহান মুক্তিযুদ্ধের স্মৃতি চারণ করে বলেন, ১৯৭১ সালে আমরা পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে অস্ত্র ধরেছিলাম, যুদ্ধ করেছিলাম। আমরা সেদিন দেশ ছেড়ে কোথাও পালিয়ে যাইনি। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় হলো, সেই সময় যারা আমাদের স্বাধীনতার বিপক্ষে অবস্থান নিয়েছিল, তারা আজ ভিন্ন বেশে আপনাদের কাছে ভোট চাইছে। এদের চিনে রাখতে হবে এবং সতর্ক থাকতে হবে।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই হিসেবে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, সকল প্রকার ভয়-ভীতি ও বাধা উপেক্ষা করে আগামী ১২ ফেব্রুয়ারি আপনাদের কেন্দ্রে যেতে হবে। ধানের শীষ বিজয়ী হলে দেশে ব্যাপক উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। তিনি প্রতিশ্রুতি দেন, বিএনপি ক্ষমতায় গেলে দেশে এক কোটি বেকার যুবকের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।
দলের ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরে বিএনপি মহাসচিব বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুদূরপ্রসারী পরিকল্পনায় সাধারণ মানুষের জন্য ‘ফ্যামিলি কার্ড’ প্রবর্তন করা হবে। এই কার্ডের মাধ্যমে মা-বোনেরা তাদের সংসারের অভাব দূর করতে পারবেন। এ ছাড়াও কৃষকদের ভাগ্য উন্নয়নে ‘কৃষি কার্ড’ এবং সাধারণ মানুষের মানসম্মত চিকিৎসা নিশ্চিত করতে ‘স্বাস্থ্য কার্ড’ চালু করা হবে।
দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ও ভোটাধিকার প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করে তিনি আরও বলেন, আমি আপনাদের কাছে ধানের শীষ মার্কায় ভোট চাই যেন সংসদে গিয়ে আপনাদের পক্ষে কথা বলতে পারি এবং জনকল্যাণে কাজ করার সুযোগ পাই। গণতন্ত্র রক্ষায় এই নির্বাচনে ধানের শীষের জয় অপরিহার্য।
রিপোর্টারের নাম 
























