রাজধানী উত্তরার বাসিন্দাদের দীর্ঘদিনের জনদাবি বিবেচনায় নিয়ে সেখানে একটি আধুনিক সরকারি হাসপাতাল নির্মাণের অঙ্গীকার করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি জানিয়েছেন, জনগণের দোরগোড়ায় উন্নত চিকিৎসা সেবা পৌঁছে দিতে তার দল ক্ষমতায় গেলে এই প্রকল্প বাস্তবায়নে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।
মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে উত্তরার আজমপুরস্থ ঈদগাহ ময়দানে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান তার বক্তব্যে উল্লেখ করেন, উত্তরার মতো একটি জনবহুল ও গুরুত্বপূর্ণ এলাকায় পূর্ণাঙ্গ সরকারি চিকিৎসাকেন্দ্রের প্রয়োজনীয়তা অনস্বীকার্য। এটি এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রাণের দাবি। জনগণের এই চাহিদার প্রতি সম্মান জানিয়ে তিনি আশ্বস্ত করেন যে, ভবিষ্যতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে এখানে একটি মানসম্মত সরকারি হাসপাতাল প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করা হবে। ইনশাআল্লাহ, সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় সকল পদক্ষেপ নেওয়া হবে।
নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আয়োজিত এই জনসভায় বিপুল সংখ্যক নেতাকর্মী ও স্থানীয় সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। বক্তব্যে তিনি দেশের স্বাস্থ্য খাতের উন্নয়ন এবং জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
রিপোর্টারের নাম 
























