ঢাকা-৮ আসনের এনসিপি প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর সাম্প্রতিক কর্মকাণ্ড ও বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা মাহদী আমীন। তিনি অভিযোগ করেছেন, নির্বাচনি প্রচারের নির্ধারিত সময় শুরুর আগেই নাসীরুদ্দীন ভোট প্রার্থনা শুরু করেছেন এবং সস্তা জনপ্রিয়তা পাওয়ার লক্ষ্যে অবিরাম উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন।
মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে মাহদী আমীন বলেন, এনসিপি প্রার্থীর আচরণে চরম ঔদ্ধত্যের ছাপ স্পষ্ট। তিনি দেশি-বিদেশি মহলের সামনে বিএনপির বিরুদ্ধে পরিকল্পিতভাবে বিষোদ্গার করছেন। ভোটারদের সঙ্গে রূঢ় আচরণ এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বিরুদ্ধে ধারাবাহিক মিথ্যাচার করাকে তিনি ‘ভাইরাল হওয়ার কৌশল’ হিসেবে অভিহিত করেন।
মাহদী আমীন আরও উল্লেখ করেন, ঢাকা-৮ আসনে বিএনপির প্রার্থী মির্জা আব্বাসের বিরুদ্ধে ধারাবাহিকভাবে অশালীন ও শিষ্টাচারবর্জিত আচরণ করা হচ্ছে। তবে এ ধরনের উস্কানির মুখেও মির্জা আব্বাস চরম ধৈর্য ও রাজনৈতিক সৌজন্য বজায় রেখে ইতিবাচকভাবে পরিস্থিতি মোকাবিলা করছেন, যা একজন অভিজ্ঞ রাজনীতিকের পরিচায়ক।
বিএনপি নেতার দাবি, কোনো তথ্য-প্রমাণ ছাড়াই তারেক রহমানের নাম বিভিন্ন ইস্যুতে জড়ানো মূলত একটি ফ্যাসিবাদী রাজনৈতিক সংস্কৃতিরই প্রতিফলন। রাজনৈতিক হীনস্বার্থ চরিতার্থ করতে এবং আলোচনায় থাকতেই নাসীরুদ্দীন পাটওয়ারী এ ধরনের পথ বেছে নিয়েছেন বলে তিনি মন্তব্য করেন। মাহদী আমীন মনে করেন, এ ধরনের আচরণ নির্বাচনি পরিবেশকে কলুষিত করে।
রিপোর্টারের নাম 

























