বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের আগমনের অপেক্ষায় রাজধানীর উত্তরা ৬ নম্বর সেক্টরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠ পরিণত হয়েছে এক জনসমুদ্রে। ঢাকা-১৮ আসনে দলের এই জনসভাকে কেন্দ্র করে মঙ্গলবার বিকেল থেকেই হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল নামে। রাজনৈতিক বিশ্লেষকরা এটিকে আসন্ন নির্বাচনে ঢাকা-১৮ আসনে বিএনপির একটি গুরুত্বপূর্ণ শক্তি প্রদর্শন হিসেবে দেখছেন।
পূর্বনির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে তারেক রহমানের সরাসরি বক্তব্য শুনতে সভাস্থলে ব্যানার, ফেস্টুন ও দলীয় পতাকায় সজ্জিত হয়ে জড়ো হন বিপুল সংখ্যক মানুষ। সময় গড়ানোর সাথে সাথে স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। আয়োজকদের প্রত্যাশা, নেতা মঞ্চে আসার আগেই এটি রেকর্ড সংখ্যক জনসমাগমে রূপ নেবে।
দলীয় সূত্র জানায়, মঙ্গলবার সন্ধ্যা ৬টায় গাজীপুর এবং সন্ধ্যা ৭টায় উত্তরার সভায় তার পৌঁছানোর কথা ছিল। তবে ময়মনসিংহের একটি বিশাল জনসভায় বক্তব্য দেওয়ার কারণে সময়সূচিতে সামান্য পরিবর্তন এসেছে। ময়মনসিংহের কর্মসূচি শেষে ফেরার পথে গাজীপুরে একটি সংক্ষিপ্ত পথসভায়ও তার অংশ নেওয়ার কথা রয়েছে। এরপর সর্বশেষ গন্তব্য হিসেবে তিনি উত্তরার এই জনসভায় যোগ দেবেন।
ঢাকা-১৮ আসনের এই জনসভাকে রাজনৈতিক অঙ্গনে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। ঢাকা-১৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন জনসভায় বলেন, দীর্ঘদিন পর তারেক রহমানের সরাসরি নির্বাচনি বক্তব্যকে কেন্দ্র করে এই জনসভা উত্তরার রাজনৈতিক অঙ্গনে বিশেষ গুরুত্ব বহন করছে। তিনি বিশ্বাস করেন, আজকের এই জনসভা আগামী নির্বাচনে দলের অবস্থান আরও সুসংহত করবে।
এস এম জাহাঙ্গীর হোসেন আরও অভিযোগ করেন, ঢাকা-১৮ আসনে একটি মহল মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। তিনি উপস্থিত জনগণের উদ্দেশে বলেন, ‘মিথ্যাবাদীদের বিশ্বাস করবেন না। যারা মিথ্যা অপপ্রচার চালাচ্ছে, তাদের মনে রাখতে হবে— আমরা রাজনীতি করি মানুষের কল্যাণের জন্য। জনগণ যদি আপনাদের মিথ্যাবাদী মনে করে, তাহলে ভবিষ্যতে আর সুযোগ দেবে না।’ নিজের রাজনৈতিক জীবনের কথা তুলে ধরে তিনি বলেন, ‘আপনারা আমাকে চেনেন। গত ৩০ বছর ধরে এই এলাকায় রাজনীতি করছি। দুর্যোগ ও সংকটে আপনাদের পাশে থেকেছি। রাজনীতি করতে গিয়ে ৩২৯টি মামলা মোকাবিলা করেছি, জেল খেটেছি, নির্যাতনের শিকার হয়েছি— শুধুমাত্র আপনাদের কথা ভেবে।’ তিনি জনগণকে অনুরোধ করেন, তার বিরুদ্ধে যদি কেউ মিথ্যা অপপ্রচার চালায়, তা যাচাই করে দেখতে। যদি অপবাদ সত্য না হয়, তবে যারা অপপ্রচার চালায় তাদের বিরুদ্ধেই রুখে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।
রিপোর্টারের নাম 

























