ময়মনসিংহে নির্বাচনী জনসভা শেষে গাজীপুরের পথে যাত্রা বিরতির সময় এক আবেগঘন মুহূর্তে বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের মুখোমুখি হন এক কিশোরী। মঙ্গলবার ভালুকার সিডস্টোর এলাকায় তারেক রহমানের গাড়িবহর থামিয়ে তিনি সরাসরি কথা বলার সুযোগ পান।
কিশোরীটি তারেক রহমানকে জানায়, “মানুষের সেবা করার রাজনীতিতেই সে নিজেকে নিয়োজিত করতে চায়। নিজের যোগ্যতায় একদিন সংসদে গিয়ে আপনার সঙ্গে দেখা করবে।” সে আরও জানায়, রাজনীতি তার রক্তে মিশে আছে এবং রাজনীতি ছাড়া সে থাকতে পারবে না। এজন্য সে তারেক রহমানের কাছে দোয়া প্রার্থনা করে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, কিশোরীর এই আন্তরিক আবদারে সাড়া দিয়ে তারেক রহমান নিজেই বাসের দরজা খুলে দেন এবং মনোযোগ সহকারে তার কথা শোনেন। এ সময় কিশোরীটি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার একটি ছবি তারেক রহমানকে উপহার দেয়। তিনি ছবিটি সাদরে গ্রহণ করে কিশোরীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এই বিশেষ মুহূর্তে তারেক রহমানের সহধর্মিণী ডা. জোবাইদা রহমানও উপস্থিত ছিলেন।
কিশোরীটি আরও ব্যক্ত করে, “সমাবেশে আপনাকে দূর থেকে দেখেছি, কিন্তু মন ভরেনি। আপনার সঙ্গে দেখা করা ছিল আমার অনেক দিনের স্বপ্ন। তাই গাড়ি থামতেই আমি কথা বলার সুযোগ নিলাম।”
রিপোর্টারের নাম 

























