প্রশ্নফাঁস কাণ্ডে আলোচিত সৈয়দ আবেদ আলীর ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়ামকে চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজের আদালত এই আদেশ দেন। সৈয়দ আবেদ আলী বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সাবেক চেয়ারম্যানের গাড়িচালক হিসেবে পরিচিত।
কারাগারে থাকা অবস্থায় সোহানুর রহমানকে আদালতে হাজির করা হলে তার উপস্থিতিতে রিমান্ড শুনানি অনুষ্ঠিত হয়। দুদকের প্রসিকিউটর তরিকুল ইসলাম রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরেন, যেখানে আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিলের আবেদন জানান। উভয়পক্ষের শুনানি শেষে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে গত বৃহস্পতিবার দুদকের সহকারী পরিচালক আল আমিন সোহানুর রহমানকে গ্রেপ্তার দেখিয়ে সাত দিনের রিমান্ড আবেদন করেছিলেন। সেদিন আদালত এই রিমান্ড শুনানির জন্য ২৬ জানুয়ারি তারিখ নির্ধারণ করেছিলেন।
উল্লেখ্য, গত ৫ জানুয়ারি সৈয়দ আবেদ আলী, তার স্ত্রী শাহরিন আক্তার শিল্পী এবং ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়ামের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) মামলা দায়ের করে। মামলার এজাহার সূত্রে জানা যায়, সৈয়দ আবেদ আলীর ১২টি ব্যাংক অ্যাকাউন্টে মোট ২০ কোটি ৮৮ লাখ ১৬ হাজার ৯৭১ টাকা জমা এবং ২০ কোটি ৪১ লাখ ৩ হাজার ৭৪১ কোটি টাকা উত্তোলনের মাধ্যমে প্রায় ৪১ কোটি ২৯ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ আনা হয়েছে।
এছাড়াও, আবেদ আলীর বিরুদ্ধে ৩ কোটি ৭২ লাখ ৯৯ হাজার ৯৯৭ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। একই ধরনের অভিযোগে, তার স্ত্রী শাহরিন আক্তার শিল্পীর বিরুদ্ধে ১ কোটি ২৬ লাখ ৬৩ হাজার টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। তার দুটি ব্যাংক অ্যাকাউন্টে ১ কোটি ৭৮ লাখ ৭৬ হাজার ৬৩৬ টাকা জমা ও ১ কোটি ৭৭ লাখ ৬৪ হাজার ৯৫ টাকা উত্তোলনের মাধ্যমে মোট ৩ কোটি ৫৬ লাখ ৪০ হাজার ৭৩১ টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগও তার বিরুদ্ধে রয়েছে। সবশেষে, আবেদ আলীর ছেলে এবং ছাত্রলীগ নেতা সৈয়দ সোহানুর রহমান সিয়ামের বিরুদ্ধে ৩ কোটি ৩০ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ দুদকের পক্ষ থেকে দায়ের করা হয়েছে।
রিপোর্টারের নাম 

























