জনতা ব্যাংক থেকে জালিয়াতির মাধ্যমে ১৩৬ কোটি ৯৮ লক্ষ টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে দায়ের করা মামলায় সালমান এফ রহমানকে চার দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজের আদালত এই আদেশ দিয়েছেন।
মামলার তদন্ত কর্মকর্তা সালমান এফ রহমানকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেছিলেন। তবে, শুনানি শেষে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। সোমবার এই আদেশ দেওয়া হয়।
আদালতে সালমান এফ রহমানের আইনজীবীরা উপস্থিত ছিলেন। তারা রিমান্ডের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুললেও, কোনো শুনানি করেননি। অন্যদিকে, দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবীরা রিমান্ডের পক্ষে যুক্তি উপস্থাপন করেন।
শুনানি শেষে দুদক পাবলিক প্রসিকিউটর তরিকুল ইসলাম জানান, সালমান এফ রহমানের বিরুদ্ধে বিভিন্ন আর্থিক প্রতারণা এবং ভূয়া প্রতিষ্ঠান তৈরি করে ঋণ নেওয়ার অভিযোগ রয়েছে। এই সব বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হয়েছিল।
দুদকের আবেদনের তথ্য অনুযায়ী, সালমান এফ রহমান ক্ষমতার অপব্যবহার করে ‘স্কাইনেট অ্যাপারেলস’ নামে একটি প্রতিষ্ঠানের মাধ্যমে ভুয়া ঋণ ও একমোডেশন বিল তৈরি করে বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার করেছেন। এই জালিয়াতির সঙ্গে তার ছেলে ও ভাতিজার মালিকানাধীন দুবাই ভিত্তিক প্রতিষ্ঠানের সংশ্লিষ্টতাও পাওয়া গেছে। বর্তমানে অন্য মামলায় কারাগারে থাকা সালমান এফ রহমানকে এই নতুন মামলায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশি হেফাজতে নেওয়া প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়।
গত বছরের ৩ নভেম্বর, দুদকের সহকারী পরিচালক মো. মাহবুব মোর্শেদ সালমান এফ রহমানসহ ২২ জনের বিরুদ্ধে এই মামলাটি দায়ের করেছিলেন।
রিপোর্টারের নাম 

























