রাজধানীর ধানমন্ডি আইডিয়াল কলেজের ছাত্রছাত্রীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে মিরপুর রোডে ল্যাব এইড হাসপাতালের সামনে আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের সাথে পুলিশের এই ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
আইনশৃঙ্খলা বাহিনীর সূত্রে জানা গেছে, ঘটনার সূত্রপাত হয় সকালে। প্রথমে ঢাকা কলেজের এক শিক্ষার্থীকে আইডিয়াল কলেজের ছাত্ররা মারধর করে। এর জেরে পরে আইডিয়াল কলেজের এক শিক্ষার্থীকে ঢাকা কলেজের ছাত্ররা মারধর করে। এই ঘটনায় দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরবর্তীতে দুই কলেজের ছাত্ররা বিভিন্ন জায়গা থেকে একত্র হওয়ার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়, তখন আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়তে থাকে।
পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করার জন্য সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।
ঘটনাস্থলে থাকা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জানিয়েছেন, এখন মিরপুর রোডের যান চলাচল স্বাভাবিক রয়েছে। আইডিয়াল কলেজের সামনে, ঢাকা কলেজের সামনে এবং সায়েন্সল্যাব মোড় ও এর আশপাশের এলাকায় পুলিশ মোতায়েন রাখা হয়েছে।
রিপোর্টারের নাম 
























