পবিত্র রমজান মাসে দেশের সকল সরকারি ও বেসরকারি মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখার নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট আবেদন দায়ের করা হয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় আইনজীবী ইলিয়াছ আলী মণ্ডল জনস্বার্থে এই আবেদনটি জমা দেন।
রিট আবেদনে ২০২৬ সালের শিক্ষাবর্ষের জন্য ঘোষিত ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জির বৈধতা চ্যালেঞ্জ করা হয়েছে। বর্তমান শিক্ষাপঞ্জি অনুযায়ী, রমজান মাসের প্রথম ১৮ দিন মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়গুলোতে পাঠদান কার্যক্রম চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রিটে সরকারের এই সিদ্ধান্তকে কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে রুল জারির আর্জি জানানো হয়েছে। একইসঙ্গে রমজানের প্রথম দিন থেকেই পুরো মাস সব বিদ্যালয় বন্ধ রাখার নির্দেশনা চাওয়া হয়েছে।
আবেদনকারী আইনজীবী ইলিয়াছ আলী মণ্ডল তার যুক্তিতে উল্লেখ করেন, রমজান মাসে দেশের মাদ্রাসাগুলোতে পুরো সময় ছুটি ঘোষণা করা হয়েছে। অথচ সাধারণ স্কুলগুলো রমজানের বড় একটি সময় খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা অত্যন্ত বৈষম্যমূলক। শিক্ষার্থীদের ধর্মীয় ও শারীরিক দিক বিবেচনা করে পুরো রমজান মাস ছুটি থাকা প্রয়োজন বলে তিনি আবেদনে উল্লেখ করেন।
হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চে চলতি সপ্তাহে বা আগামী সপ্তাহে এই রিট আবেদনের ওপর শুনানি হতে পারে বলে জানা গেছে। এর মাধ্যমে রমজানে স্কুল খোলা রাখা নিয়ে সৃষ্ট বিতর্কের আইনি ফয়সালা হবে বলে আশা করা হচ্ছে।
রিপোর্টারের নাম 

























