বাংলাদেশ সেনাবাহিনীর চীনা প্রযুক্তিতে তৈরি যুদ্ধট্যাঙ্কগুলোর মেরামত ও আধুনিকায়নের লক্ষ্যে ১২ সদস্যের একটি চীনা কারিগরি দল বাংলাদেশে পৌঁছেছে। গোয়েন্দা সংস্থা ও সংশ্লিষ্ট সূত্রের তথ্যমতে, গত ১২ ও ১৩ জানুয়ারি দুই দফায় এই বিশেষ দল ঢাকায় পৌঁছায়। প্রাথমিকভাবে তাদের রাজেন্দ্রপুর সেনানিবাসে নেওয়া হলেও বর্তমানে তারা চট্টগ্রামের চড়িয়া ফিল্ড ফায়ারিং রেঞ্জে অবস্থান করছেন। এই দলে সাতজন বিশেষজ্ঞ প্রকৌশলী এবং পাঁচজন দক্ষ মেকানিক রয়েছেন বলে জানা গেছে।
সেনাবাহিনী সূত্র জানিয়েছে, এই কারিগরি দল মূলত টি-৫৯ দুর্জয়, টি-৬৯-আইআইজি, এমবিটি-২০০০ (ভিটি-১এ) এবং ভিটি-৫ লাইট ট্যাঙ্কের বর্তমান অবস্থা পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় সংস্কার কাজ পরিচালনা করবে। বিশেষ করে ২০২৪ সালের মে মাসে ফায়ারিং মহড়ার সময় দুর্ঘটনার কবলে পড়া একটি টি-৫৯ ট্যাঙ্কের জরুরি মেরামতের কাজ এই দলের অন্যতম প্রধান কাজ। এছাড়া চট্টগ্রামের ফায়ারিং রেঞ্জে ট্যাঙ্কগুলোর ট্রায়াল পর্যবেক্ষণ করে সেগুলোর ইলেকট্রনিক সিস্টেম এবং ইঞ্জিন সক্ষমতা বৃদ্ধির বিষয়ে তারা প্রয়োজনীয় পরামর্শ ও সহায়তা প্রদান করবে।
উল্লেখ্য, বাংলাদেশ সেনাবাহিনীর সাঁজোয়া বহরের একটি বড় অংশই চীনা প্রযুক্তিনির্ভর। ১৯৮০-র দশকে সংগৃহীত টি-৫৯ ট্যাঙ্কগুলোকে ২০১২-১৩ সালে ‘দুর্জয়’ মানে উন্নীত করা হয়। এছাড়া ২০১১ সালে কেনা ৪৪টি এমবিটি-২০০০ এবং ২০১৯ সালের চুক্তিতে আনা ভিটি-৫ লাইট ট্যাঙ্কগুলো বর্তমানে সেনাবাহিনীর অত্যাধুনিক সক্ষমতার প্রতীক। এই সংস্কার প্রক্রিয়ায় স্থানীয় প্রতিরক্ষা সরঞ্জাম সরবরাহকারী প্রতিষ্ঠান মেসার্স বড়ুয়া ট্রেডার্স প্রাইভেট লিমিটেড এবং চীনের রাষ্ট্রীয় প্রতিরক্ষা প্রতিষ্ঠান নরিনকো (NORINCO) সমন্বয় করছে। ১২ থেকে ১৬ জানুয়ারি পর্যন্ত এই কারিগরি দলের নিরাপত্তায় সেনাবাহিনীর পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
রিপোর্টারের নাম 
























