রাশিয়া থেকে কেনা দুটি হেলিকপ্টার সাড়ে পাঁচ বছর পার হয়ে গেলেও সরকার তা বুঝে নিতে পারেনি। নৌ ও পাহাড়ি এলাকায় পুলিশের অভিযানকে আরও কার্যকর করার লক্ষ্যে রুশ প্রতিষ্ঠান ‘জেএসসি রাশিয়ান হেলিকপ্টার্স’ থেকে এই দুটি হেলিকপ্টার কেনা হয়েছিল। তবে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে রাশিয়া থেকে কেনা হেলিকপ্টার দুটি বাংলাদেশ পুলিশে যুক্ত করা সম্ভব হয়নি।
চুক্তি অনুযায়ী, দুই কিস্তিতে ২৯৯ কোটি ৬৮ লাখ ৭৪ হাজার ৫২১ টাকা পরিশোধ করা হয়েছে। অবশিষ্ট টাকাও বাংলাদেশ পুলিশ প্রস্তুত রেখেছে। হেলিকপ্টারগুলোর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে পুলিশ। বিষয়টি সমাধানের জন্য কূটনৈতিক প্রচেষ্টা চালানো হচ্ছে। এ বিষয়ে ‘জেএসসি রাশিয়ান হেলিকপ্টার্স’ প্রতিষ্ঠানটিকে একাধিকবার চিঠি দেওয়া হয়েছে এবং তাদের সাথে যোগাযোগও রয়েছে পুলিশের। কিন্তু এতকিছুর পরও হেলিকপ্টার পাওয়ার আশা ক্ষীণ হয়ে আসছে। ধারণা করা হচ্ছে, মার্কিন নিষেধাজ্ঞার কারণে ওই হেলিকপ্টার দেশে আনা সম্ভব হবে না।
জানা গেছে, ক্রয়কৃত দুই হেলিকপ্টারের ২৯৯ কোটি ৬৮ লাখ ৭৪ হাজার ৫২১ টাকা ফেরত চেয়ে রাশিয়ার জেএসসি রাশিয়ান হেলিকপ্টার্সের কাছে চিঠি দেওয়ার উদ্যোগ নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। খুব শীঘ্রই এই চিঠি দেওয়া হবে এবং চিঠির খসড়া তৈরি করা হচ্ছে। তবে পুলিশ এখনো আশা ছাড়েনি।
এ বিষয়ে পুলিশ সদর দপ্তরের এআইজি (পুলিশ অ্যাভিয়েশন) খন্দকার গোলাম মাওলা জানিয়েছেন, ‘আমরা আশাবাদী, হেলিকপ্টার আসবে। এটি একটি চলমান প্রক্রিয়া।’ তবে নাম প্রকাশে অনিচ্ছুক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন যুগ্ম সচিব জানিয়েছেন, ‘রাশিয়া থেকে হেলিকপ্টার আসবে এমন সম্ভাবনা আর নেই। টাকা ফেরতের জন্য রাশিয়াকে একটি চিঠি দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।’
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, পুলিশের সক্ষমতা বাড়াতে ২০২১ সালের ১০ ফেব্রুয়ারি দুটি হেলিকপ্টার কেনার জন্য বাংলাদেশ পুলিশ এবং হেলিকপ্টার নির্মাতা প্রতিষ্ঠান জেএসসি রাশিয়ান হেলিকপ্টার্সের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছিল। পুলিশ সদর দপ্তরে তৎকালীন আইজিপি (বর্তমানে দুবাই পুলিশের হাতে আটক) বেনজীর আহমেদ এবং রাশিয়ান হেলিকপ্টার্সের মহাপরিচালক আন্দ্রে আই ভোগেনিস্কি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্মারকে স্বাক্ষর করেন। হেলিকপ্টার পরিচালনার জন্য চারজন পুলিশ কর্মকর্তাকে পাইলট প্রশিক্ষণও দেওয়া হয়েছিল। রক্ষণাবেক্ষণের জন্যও প্রশিক্ষিত জনবল তৈরি করেছিল পুলিশ।
রিপোর্টারের নাম 























