নরসিংদীর রায়পুরা উপজেলায় এক স মিলের ভেতর থেকে জেল পলাতক এক শীর্ষ সন্ত্রাসীর ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলার মরজাল ইউনিয়নের একটি স মিলের ভেতর থেকে এই মরদেহ উদ্ধার করা হয়। নিহত অপু আহমেদ (৪৫) মরজাল ইউনিয়নের পাহাড় মরজাল এলাকার হাবিবুর রহমানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অপু আহমেদ নরসিংদী কারাগার থেকে জুলাই আন্দোলনের সময় এক হামলার ঘটনায় বন্দি অবস্থায় পালিয়ে গিয়েছিল। পলাতক থাকা অবস্থায়ও সে নিয়মিত এলাকায় যাতায়াত করত বলে জানা গেছে। মঙ্গলবার দিবাগত রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে বলে ধারণা করা হচ্ছে।
বুধবার সকালে স্থানীয়রা ওই স মিলের ভেতরে রক্তাক্ত অবস্থায় একটি মরদেহ পড়ে থাকতে দেখে। পরে তারা লাশটি দেখে অপু আহমেদকে শনাক্ত করে। খবর পেয়ে রায়পুরা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে রায়পুরা থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল ইসলাম জানান, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, নিহত অপু আহমেদের বিরুদ্ধে অস্ত্র, মাদক ও হত্যা মামলাসহ আনুমানিক ৮ থেকে ৯টি মামলা রয়েছে। পুলিশের এই কর্মকর্তা আরও জানান, ঘটনার তদন্ত চলছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
রিপোর্টারের নাম 























