জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় ব্রহ্মপুত্র ও জিঞ্জিরাম নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এই অভিযানে পাঁচটি ড্রেজার মেশিন জব্দ ও ধ্বংস করা হয়েছে। একই সঙ্গে বাবুল মিয়া (২৫) নামে এক বালু ব্যবসায়ীকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার ভোরে উপজেলার পোল্লাকান্দি, সবুজপুর ও বাসেতপুর এলাকায় এই অভিযান পরিচালিত হয়। দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেনের নেতৃত্বে অভিযানে দেওয়ানগঞ্জ মডেল থানা পুলিশের সদস্যরা সহযোগিতা করেন। দীর্ঘদিন ধরে একটি চক্র রাতের অন্ধকারে ড্রেজার মেশিন ব্যবহার করে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয়।
অভিযানকালে পোল্লাকান্দি এলাকায় ব্রহ্মপুত্র নদীর তীর থেকে তিনটি অবৈধ ড্রেজার মেশিন ধ্বংস করা হয়। সবুজপুর এলাকায় জিঞ্জিরাম নদীর তীর থেকে দুটি ড্রেজার মেশিন জব্দ করা হয়। পরে বাসেতপুর এলাকা থেকে অবৈধ বালু ব্যবসায়ী বাবুল মিয়াকে আটক করা হয়।
ভ্রাম্যমাণ আদালতে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর সংশ্লিষ্ট ধারায় বাবুল মিয়াকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। দণ্ডপ্রাপ্ত বাবুল মিয়া উপজেলার বাসেতপুর ঝালরচর এলাকার সোনা মিয়ার ছেলে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ জহুরুল হোসেন বলেন, ‘নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে নদীতীরবর্তী এলাকা ভাঙনের ঝুঁকিতে পড়ছে এবং পরিবেশের ব্যাপক ক্ষতি হচ্ছে। এসব অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।’ স্থানীয় বাসিন্দারা এই অভিযানে সন্তোষ প্রকাশ করে জানান, নদী ভাঙন, কৃষিজমির ক্ষতি এবং পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব রোধে এমন অভিযান নিয়মিত হওয়া উচিত।
রিপোর্টারের নাম 

























