দেশে বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করা এবং ব্যবসা সহজীকরণ প্রক্রিয়া আরও গতিশীল করতে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) অনলাইন ওয়ান স্টপ সার্ভিস (ওএসএস) পোর্টালে যুক্ত হয়েছে নতুন ১১টি সেবাদানকারী প্রতিষ্ঠান। সোমবার (১৯ জানুয়ারি) সকালে রাজধানীর আগারগাঁওয়ে বিডার প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই প্রতিষ্ঠানগুলোর সঙ্গে বিডার সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
নতুন এই চুক্তির আওতায় চারটি বাণিজ্যিক ব্যাংক এবং সাতটি সিটি করপোরেশন বিডার ওয়ান স্টপ সার্ভিসের সঙ্গে যুক্ত হয়েছে। ব্যাংকগুলো হলো— রূপালী ব্যাংক, ঢাকা ব্যাংক, ব্যাংক এশিয়া ও বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক। অন্যদিকে সিটি করপোরেশনগুলোর মধ্যে রয়েছে— রাজশাহী, খুলনা, ময়মনসিংহ, বরিশাল, কুমিল্লা, গাজীপুর ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশন।
বিডার নির্বাহী সদস্য এয়ার কমোডর (অব.) মো. শাহারুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিডার নির্বাহী চেয়ারম্যান (প্রতিমন্ত্রীর পদমর্যাদা) চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।
চুক্তি অনুযায়ী, সংশ্লিষ্ট ব্যাংক ও সিটি করপোরেশনগুলো তাদের নিজস্ব সিস্টেমকে বিডার অনলাইন ওএসএস পোর্টালের সঙ্গে সমন্বয় করবে। এর ফলে দেশি-বিদেশি বিনিয়োগকারীরা এখন থেকে ঘরে বসেই অনলাইনে ব্যাংক হিসাব খোলা, ট্রেড লাইসেন্স গ্রহণসহ বিভিন্ন আর্থিক ও সিটি করপোরেশন সংক্রান্ত সেবা অত্যন্ত দ্রুত ও স্বচ্ছতার সঙ্গে গ্রহণ করতে পারবেন। এতে বিনিয়োগের ক্ষেত্রে আমলাতান্ত্রিক জটিলতা ও সময়ক্ষেপণ অনেকাংশে হ্রাস পাবে।
অনুষ্ঠানে বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, “আমাদের মূল লক্ষ্য হলো বিনিয়োগকারীদের জন্য একটি সমন্বিত প্ল্যাটফর্ম তৈরি করা। যেখানে একজন উদ্যোক্তা একটি মাত্র ওয়েবসাইট ও লগইন ব্যবহার করে সরকারের প্রয়োজনীয় সব সেবা গ্রহণ করতে পারবেন। আমরা এমন একটি সংস্কৃতি গড়ে তুলতে চাই, যেখানে বিনিয়োগকারীকে একই তথ্য বা নথি বারবার বিভিন্ন দপ্তরে জমা দিতে হবে না।”
তিনি আরও উল্লেখ করেন যে, উন্নত দেশগুলো ডেটা শেয়ারিংয়ের মাধ্যমে সরকারি সেবাকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়েছে। বাংলাদেশও সেই লক্ষ্যেই কাজ করছে। তবে শুধু সিস্টেম চালু করাই যথেষ্ট নয়, সেবার মান নিশ্চিত করতে নিয়মিত তদারকি ও অংশীদার প্রতিষ্ঠানগুলোর সক্রিয় সহযোগিতা প্রয়োজন বলেও তিনি মন্তব্য করেন।
উল্লেখ্য, বিনিয়োগকারীদের সব ধরনের সেবা এক ছাতার নিচে প্রদানের লক্ষ্যে ওয়ান স্টপ সার্ভিস আইন, ২০১৮-এর আলোকে ২০১৯ সালের ফেব্রুয়ারি থেকে অনলাইন ওএসএস পোর্টাল চালু করে বিডা। নতুন যুক্ত হওয়া ১১টি প্রতিষ্ঠানসহ এখন পর্যন্ত বিডা মোট ৬৩টি প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। বর্তমানে এই পোর্টালের মাধ্যমে ৪৭টি সংস্থার ১৪২টি সেবা প্রদান করা হচ্ছে। বিডার তথ্যমতে, এ পর্যন্ত ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে ২ লাখ ১৫ হাজার ৬৯৯টি আবেদন সফলভাবে নিষ্পত্তি করা হয়েছে। পর্যায়ক্রমে অন্যান্য সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের সেবাগুলোও এই প্ল্যাটফর্মে যুক্ত করার প্রক্রিয়া অব্যাহত রয়েছে।
রিপোর্টারের নাম 

























