সরকার প্রশ্নহীনভাবে নির্দিষ্ট কিছু খাতে কালো টাকা বা অপ্রদর্শিত অর্থ বৈধ করার সুযোগ দিতে যাচ্ছে। বিশেষ করে আবাসন খাতে জমি, ভবন বা ফ্ল্যাট কেনাবেচার ক্ষেত্রে দলিল মূল্যের চেয়ে বেশি প্রকৃত মূল্য পরিশোধ করা হলে, তা স্বপ্রণোদিতভাবে ঘোষণা দিলে অপ্রদর্শিত অতিরিক্ত অর্থ নিয়মিত কর পরিশোধের মাধ্যমে বৈধ করা যাবে। এই সুবিধা ক্রেতা ও বিক্রেতা উভয় পক্ষের জন্যই প্রযোজ্য হবে।
আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে এমন সুযোগ অন্তর্ভুক্ত করার প্রস্তাব অর্থমন্ত্রী উত্থাপন করতে পারেন। এ লক্ষ্যে অর্থবিলে একটি নতুন ধারা সংযোজন করা হচ্ছে। অর্থ মন্ত্রণালয়ের সূত্রমতে, প্রস্তাবিত ধারাটি পাস হলে কোনো করদাতা যদি তার জমি, ভবন বা অ্যাপার্টমেন্ট বিক্রির ক্ষেত্রে দলিল মূল্যের চেয়ে বেশি অর্থ পরিশোধ করেন, তবে সেই অপ্রদর্শিত অর্থের উপর ব্যক্তি শ্রেণির জন্য প্রযোজ্য নিয়মিত করহারে আয়কর পরিশোধ করতে পারবেন। দেশের প্রচলিত যেকোনো আইনে যা-ই থাকুক না কেন, কোনো ব্যক্তি স্বপ্রণোদিতভাবে এই কর পরিশোধ করলে তার বিরুদ্ধে কোনো প্রশ্ন উত্থাপন বা কোনো প্রকার আইনি কার্যক্রম গ্রহণ করা হবে না।
রিপোর্টারের নাম 
























