আধুনিক ও ফোক ঘরানার গানে সমাদৃত কণ্ঠশিল্পী শারমিন কেয়া নতুন বছরকে বরণ করে নিচ্ছেন বিশেষ চমক নিয়ে। বছরের শুরুতেই নিজের ঝুড়িতে থাকা নতুন দুটি মৌলিক গান শ্রোতাদের উপহার দিতে যাচ্ছেন তিনি। গান দুটির নাম ‘মর্জি’ ও ‘সমান্তরাল’।
জানা গেছে, ‘মর্জি’ শিরোনামের গানটি লিখেছেন শাওন মাহমুদ। অন্যদিকে ‘সমান্তরাল’ গানটির কথা সাজিয়েছেন নীলা নিক্কি। দুটি গানেরই সুর ও সংগীতায়োজন করেছেন আমজাদ হোসেন। বর্তমানে গান দুটির মিউজিক ভিডিও নির্মাণের প্রস্তুতি দ্রুতগতিতে এগিয়ে চলছে। পরিকল্পনা অনুযায়ী, আগামী জাতীয় সংসদ নির্বাচনের পর প্রথম গানটি এবং পহেলা বৈশাখ উপলক্ষে দ্বিতীয় গানটি শারমিন কেয়ার নিজস্ব ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে।
মৌলিক গানের গুরুত্ব নিয়ে শারমিন কেয়া বলেন, “মৌলিক গানই একজন শিল্পীর আসল পরিচয় এবং দীর্ঘস্থায়ী সম্পদ। এ ধরনের কাজের মাধ্যমেই একজন শিল্পী তার নিজস্বতা প্রকাশ করতে পারেন। সেই তাড়না থেকেই আমি নিয়মিত মৌলিক গান প্রকাশের চেষ্টা করি।”
নতুন গান দুটি প্রসঙ্গে তিনি আরও বলেন, “মর্জি এবং সমান্তরাল—দুটি গানের কথা ও সুর এক কথায় অসাধারণ। শিল্পী হিসেবে কাজ দুটি করে আমি তৃপ্ত। ‘মর্জি’ গানটি মূলত উৎসবমুখর বা ভ্যাকেসন মুডের, আর ‘সমান্তরাল’ গানটি বিরহী ঘরানার ফোক গান। আমার বিশ্বাস, ভিন্ন আমেজের এই গান দুটি শ্রোতাদের ভালো লাগবে।”
মৌলিক গানের পাশাপাশি স্টেজ শো নিয়েও ব্যস্ত সময় পার করছেন এই শিল্পী। গত বছরের শেষ দিকে জাপানের ওসাকায় আয়োজিত একটি অনুষ্ঠানে গান গেয়ে প্রবাসী বাংলাদেশিদের মুগ্ধ করেছেন তিনি। বিরতি কাটিয়ে নতুন বছরের স্টেজ পারফরম্যান্স শুরু হচ্ছে আগামী ২২ জানুয়ারি। ওই দিন সন্ধ্যায় রাজধানীর বনানী ডিওএইচএস-এ একটি ঘরোয়া সংগীতানুষ্ঠানে অংশ নেবেন শারমিন কেয়া।
রিপোর্টারের নাম 

























