দর্শকদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আবারও ছোট পর্দায় ফিরছে জনপ্রিয় ফ্যামিলি গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’। আগামী ১৯ জানুয়ারি থেকে অনুষ্ঠানটির দ্বিতীয় সিজন শুরু হতে যাচ্ছে। প্রথম সিজনের অভাবনীয় সাফল্যের পর এবার আরও বড় পরিসরে এবং নতুন চমক নিয়ে হাজির হচ্ছে এই আয়োজন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত সিজনে সব প্ল্যাটফর্ম মিলিয়ে ১০০ কোটিরও বেশি ভিউ এবং ৩০ লাখ টাকারও বেশি পুরস্কার জয়ের রেকর্ড গড়েছিল এই শো। সেই সাফল্যের ধারাবাহিকতায় সিজন ২-কে আরও রোমাঞ্চকর ও আকর্ষণীয় করে তোলার পরিকল্পনা করা হয়েছে। জনপ্রিয় তারকা তাহসান খানের জাদুকরী সঞ্চালনা এবং ওয়াহিদুল ইসলাম শুভ্রর পরিচালনায় এবারের আসরে থাকছে বিশেষ পুরস্কার ও টান টান উত্তেজনা, যা পারিবারিক বিনোদনে নতুন মাত্রা যোগ করবে বলে ধারণা করা হচ্ছে।
নতুন সিজন নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে তাহসান খান বলেন, “এবারের আসরটি সত্যিই বেশ জমজমাট হয়েছে। সবচেয়ে বড় বিশেষত্ব হলো, এবারের প্রশ্নগুলো তৈরি করা হয়েছে দেশের ৬৪টি জেলার মানুষের মতামতের ওপর ভিত্তি করে। ফলে উত্তরগুলোর মধ্যে যেমন বৈচিত্র্য ও মজা আছে, তেমনি প্রতিযোগীদের জন্য এটি বেশ চ্যালেঞ্জিং ছিল। প্রতিটি এপিসোডই দর্শকদের জন্য বেশ প্রাণবন্ত হবে বলে আমার বিশ্বাস।”
আগামী ১৯ জানুয়ারি থেকে প্রতি সোমবার রাত ৯টা ৩০ মিনিটে বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভিতে অনুষ্ঠানটি প্রচারিত হবে। যারা নির্ধারিত সময়ে অনুষ্ঠানটি দেখতে পারবেন না, তাদের জন্য প্রতি বুধবার দুপুর ১টায় পুনঃপ্রচারের ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়া দর্শকরা তাদের সুবিধামতো যেকোনো সময়ে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ-র অ্যাপ এবং ওয়েবসাইটে সম্পূর্ণ বিনামূল্যে শোটি উপভোগ করতে পারবেন।
রিপোর্টারের নাম 

























