জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত শিশুশিল্পী মো. সাইফ খান স্বচ্ছ, যিনি ‘স্বচ্ছ’ নামেই সমধিক পরিচিত, দীর্ঘ বিরতির পর আবারো অভিনয়ে ফিরছেন। বর্তমানে যুক্তরাষ্ট্রের একটি কলেজে ফিল্ম অ্যান্ড মিডিয়া বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণ করছেন তিনি। সম্প্রতি পড়াশোনার ছুটিতে দেশে আসার পর থেকেই নাটক ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয়ের জন্য বিভিন্ন নির্মাতাদের কাছ থেকে প্রস্তাব পাচ্ছেন।
জানা গেছে, এরই মধ্যে স্বচ্ছ বেশ কয়েকটি নাটক ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয়ের জন্য মো. সামছুল হুদার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন। খুব শিগগিরই এসব প্রকল্পের শুটিংয়ে অংশ নিবেন তিনি। এছাড়াও, প্রথমবারের মতো নাটক পরিচালনায় আসা ফটোগ্রাফার আলিফ রিফাতের নির্দেশনায়ও তাকে অভিনয় করতে দেখা যাবে।
অভিনয়ে ফেরা প্রসঙ্গে স্বচ্ছ বলেন, “ছুটিতে দেশে এসে কিছু কাজ হাতে নিয়েছি। পরিকল্পনা অনুযায়ী সময় নিয়ে কাজগুলো শেষ করা হবে। তবে দেশে আসার পর এখনো অনেকে আমাকে মনে রেখেছেন, এটা আমার জন্য অনেক ভালো লাগার বিষয়। আগামীতে আরও ভালো কাজ করে দর্শকের ভালোবাসা পেতে চাই। পাশাপাশি, যুক্তরাষ্ট্রে ফিল্ম অ্যান্ড মিডিয়া বিষয়ে আমার পড়াশোনা ভালোভাবে শেষ করাই এখন প্রধান লক্ষ্য।”
ছোটবেলায় শিশুশিল্পী হিসেবে অভিনয় করে স্বচ্ছ দর্শক মহলে ব্যাপক সাড়া ফেলেছিলেন। ২০১৩ সালে কাজী মোরশেদ পরিচালিত ‘একই বৃত্তে’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি শিশুশিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হন। এছাড়াও, ‘একাত্তরের খুদিরাম’, ‘মুক্তি’ এবং ‘একাত্তরের খণ্ড গল্প’ এর মতো সফল চলচ্চিত্রে অভিনয় করে তিনি প্রশংসা কুড়িয়েছেন।
শতাধিক নাটকে তার অভিনয় দর্শকদের মুগ্ধ করেছে। তার অভিনীত উল্লেখযোগ্য নাটকগুলোর মধ্যে রয়েছে ‘ভূতের বাচ্চা সোলায়মান’, ‘ছুটি’, ‘বলাই’ ও ‘সাতকাহন’। দেশের প্রথিতযশা বহু গুণী শিল্পীর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার। বিভিন্ন প্রতিষ্ঠানের বিজ্ঞাপনে মডেল হিসেবেও কাজ করেছেন স্বচ্ছ।
উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি এবং বিজ্ঞান কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করার পর উচ্চশিক্ষার জন্য তিনি দেশের বাইরে যান। স্বচ্ছর মা শম্পা নিজামও দেশের একজন গুণী অভিনেত্রী। তার বাবা মো. নিজাম উদ্দিন খান ২০১৮ সালে ইন্তেকাল করেন।
রিপোর্টারের নাম 

























