ঢাকার কেরানীগঞ্জে অবস্থিত পানগাঁও অভ্যন্তরীণ কন্টেইনার টার্মিনাল (পিআইসিটি) এখন থেকে আন্তর্জাতিক মানদণ্ডে পরিচালিত হতে যাচ্ছে। সুইজারল্যান্ডভিত্তিক বিশ্বখ্যাত লজিস্টিকস প্রতিষ্ঠান ‘মেডলগ’-এর সহযোগী প্রতিষ্ঠান ‘মেডলগ বাংলাদেশ প্রাইভেট লিমিটেড’ এই টার্মিনালের ব্যবস্থাপনার দায়িত্ব গ্রহণ করেছে। শনিবার সকালে টার্মিনাল প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন এই যাত্রার সূচনা করেন নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। এ সময় তিনি বলেন, পানগাঁও অভ্যন্তরীণ কন্টেইনার টার্মিনালকে আধুনিক ও আন্তর্জাতিক মানে উন্নীত করার মাধ্যমে দেশের অভ্যন্তরীণ নৌপথে পণ্য পরিবহন ব্যবস্থায় গতিশীলতা আসবে। এটি মাল্টিমোডাল পরিবহন সংযোগকে আরও শক্তিশালী করার পাশাপাশি দেশের বন্দর ব্যবস্থাপনায় এক নতুন দিগন্তের উন্মোচন করবে।
উপদেষ্টা আরও উল্লেখ করেন, এই গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় অবকাঠামোটি দীর্ঘদিন ধরে লোকসানে ছিল। দক্ষ ও পেশাদার বিদেশি ব্যবস্থাপনার মাধ্যমে একে একটি লাভজনক ও কার্যকর প্রতিষ্ঠানে রূপান্তর করাই সরকারের প্রধান লক্ষ্য। এ সময় তিনি দেশের অন্যান্য নদীবন্দর ও টার্মিনালগুলোতেও বিনিয়োগ ও কার্যক্রম প্রসারে মেডলগসহ আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব ড. নূরুন্নাহার চৌধুরী বলেন, ২২ বছর মেয়াদী এই কনসেশন চুক্তির ফলে পানগাঁও টার্মিনালে পণ্য খালাস ও পরিবহনের সক্ষমতা বহুগুণ বৃদ্ধি পাবে। সরকারি ও বেসরকারি খাতের এই সমন্বিত উদ্যোগ জাতীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে এবং নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনে সহায়ক ভূমিকা পালন করবে।
সংশ্লিষ্টরা মনে করছেন, বিদেশি দক্ষ ব্যবস্থাপনার ফলে পানগাঁও টার্মিনাল ব্যবহার করে ব্যবসায়ীরা এখন থেকে আরও দ্রুত ও সাশ্রয়ী মূল্যে পণ্য আনা-নেওয়া করতে পারবেন, যা সামগ্রিক ব্যবসা-বাণিজ্যে নতুন প্রাণের সঞ্চার করবে।
রিপোর্টারের নাম 

























