ফিলিস্তিনের গাজায় স্থিতিশীলতা বজায় রাখার লক্ষ্যে প্রস্তাবিত আন্তর্জাতিক বাহিনীতে বাংলাদেশের অংশগ্রহণের আগ্রহকে ‘বিপজ্জনক’ বলে অভিহিত করেছেন কবি ও চিন্তক ফরহাদ মজহার। শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি সরকারের এই সম্ভাব্য সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেন। জুলাই গণ-অভ্যুত্থানের তরুণদের নবগঠিত প্ল্যাটফর্ম ‘নেটওয়ার্ক ফর পিপলস অ্যাকশন’ (এনপিএ)-এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে এসে তিনি এসব মন্তব্য করেন।
ফরহাদ মজহার অভিযোগ করেন যে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নির্দেশিত পথে গাজা ব্যবস্থাপনার জন্য যে আন্তর্জাতিক সামরিক বাহিনী গঠনের প্রস্তাব করা হয়েছে, সেখানে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান ইতোমধ্যেই বাংলাদেশের পক্ষ থেকে আগ্রহ প্রকাশ করে এসেছেন। তাঁর মতে, ৫ আগস্ট পরবর্তী বাংলাদেশে যে রূপান্তর ঘটেছে, তা অনেকাংশেই সাম্রাজ্যবাদের স্বার্থ রক্ষা করছে, যা এই উপমহাদেশের জন্য ইতিবাচক ফলাফল বয়ে আনবে না। তিনি তরুণ সমাজকে ভূ-রাজনৈতিক ও আঞ্চলিক বাস্তবতা মাথায় রেখে আন্তর্জাতিক লড়াইয়ের গুরুত্ব বোঝার আহ্বান জানান।
তরুণদের উদ্যোগকে স্বাগত জানিয়ে তিনি আরও বলেন, কেবল দেশের অভ্যন্তরীণ লড়াইয়ে সীমাবদ্ধ থাকলে চলবে না। ভারতের প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি ‘ভারতীয় আধিপত্যবাদ’ শব্দের পরিবর্তে ‘দিল্লির আধিপত্যবাদ’ ব্যবহারের ওপর জোর দেন। তিনি মনে করেন, ভারতের সাধারণ জনগণের একটি বড় অংশ গণতান্ত্রিক এবং সাম্রাজ্যবাদবিরোধী লড়াইয়ে বিশ্বাসী, যারা বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের একক আধিপত্যের বিরোধী। বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে আন্তর্জাতিক ও আঞ্চলিক প্রেক্ষাপট বিবেচনায় নিয়ে নীতি নির্ধারণ করা প্রয়োজন বলে তিনি সতর্ক করেন।
রিপোর্টারের নাম 

























