জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম সংগঠক ও ‘ইনকিলাব মঞ্চ’-এর আহ্বায়ক শহীদ শরিফ ওসমান বিন হাদির বড় ভাই ওমর বিন হাদিকে যুক্তরাজ্যের বার্মিংহামে অবস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশনে নিয়োগ দেওয়া হয়েছে। তাকে দ্বিতীয় সচিব পদে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক এই নিয়োগ প্রদান করেছে সরকার।
গত ১৫ জানুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে এই সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেছেন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আবুল হায়াত মো. রফিক।
সরকারি আদেশ অনুযায়ী, যোগদানের তারিখ থেকে পরবর্তী তিন বছর মেয়াদে ওমর বিন হাদি বার্মিংহাম মিশনে তার দায়িত্ব পালন করবেন। নিয়োগের অন্যান্য শর্তাবলি নির্ধারিত চুক্তিপত্রের মাধ্যমে চূড়ান্ত করা হবে। প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে যে, এই দায়িত্ব পালনকালীন সময়ে তিনি অন্য কোনো ব্যবসা, পেশা বা সরকারি-বেসরকারি কোনো প্রতিষ্ঠানের সঙ্গে কোনো প্রকার কর্মসম্পর্ক বা সংশ্লিষ্টতা রাখতে পারবেন না। অর্থাৎ, সম্পূর্ণ লিয়েন বা পেশাদারিত্ব বজায় রেখে তাকে এই রাষ্ট্রীয় দায়িত্ব পালন করতে হবে।
উল্লেখ্য, ওমর বিন হাদি জুলাই গণ-অভ্যুত্থানের পরিচিত মুখ শরিফ ওসমান বিন হাদির মেজ ভাই। গত ১২ ডিসেম্বর রাজধানীর পল্টন এলাকায় মোটরসাইকেলে আসা দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন ওসমান হাদি। তার মাথায় ও কানের নিচে গুলি লাগে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও এভারকেয়ার হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হলে ১৫ ডিসেম্বর তাকে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ১৮ ডিসেম্বর তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। জনস্বার্থে জারি করা এই নিয়োগ আদেশটি অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।
রিপোর্টারের নাম 















