রাজশাহীর তানোর পৌরসভা সদরের ব্যস্ত তানোর–মুন্ডুমালা সড়কের পাশে অবস্থিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে চুরির ঘটনা ঘটেছে। দীর্ঘদিন ধরে তালাবদ্ধ ও অরক্ষিত অবস্থায় পড়ে থাকা ভবনটির দরজার তালা ভেঙে দুর্বৃত্তরা কয়েকটি সিলিং ফ্যান ও জেনারেটরের যন্ত্রাংশ চুরি করে নিয়ে গেছে। চুরি হওয়া মালামালের আনুমানিক মূল্য প্রায় ৩০ হাজার টাকা।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাত সাড়ে ১২টা থেকে শনিবার সকাল ৬টার মধ্যে যে কোনো সময় চোরেরা ভবনের প্রধান দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এরপর তারা তিন থেকে চারটি সিলিং ফ্যান এবং জেনারেটরের কিছু যন্ত্রাংশ খুলে নিয়ে যায়। সকালে ঘটনাটি জানাজানি হলে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।
স্থানীয়দের ভাষ্যমতে, বিগত সরকারের আমলে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সটির নির্মাণকাজ শেষ করে উদ্বোধন করা হলেও ভবনটি কখনো কার্যকরভাবে ব্যবহার শুরু হয়নি। নিচতলার কক্ষগুলো ভাড়া দেওয়া হয়নি এবং ওপরের তলায়ও কোনো সরকারি দপ্তরের নিয়মিত কার্যক্রম চালু হয়নি। ভবনটি ব্যস্ত সড়কের পাশে অবস্থিত হলেও সেখানে কোনো নিরাপত্তাকর্মী, নৈশপ্রহরী বা সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা ছিল না। দীর্ঘদিনের অব্যবস্থাপনা ও নিরাপত্তাহীনতার সুযোগেই চুরির এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে।
খবর পেয়ে তানোর থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও কমপ্লেক্স পরিচালনা কমিটির সভাপতি নাঈমা খান জানিয়েছেন, ঘটনার সার্বিক বিষয় খতিয়ে দেখা হচ্ছে এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম মাসুদ পারভেজ বলেন, লিখিত অভিযোগ পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
রিপোর্টারের নাম 




















