ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ইকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যার দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা। শুক্রবার (১৬ জানুয়ারি) জুমার নামাজের পর ক্যাম্পাস প্রাঙ্গণে এই কর্মসূচি পালিত হয়। ঘটনার ৩৫ দিন পেরিয়ে গেলেও বিচার প্রক্রিয়ায় কোনো অগ্রগতি না হওয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন আন্দোলনকারীরা।
বাদ জুম্মা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক এবং পার্শ্ববর্তী শেখপাড়া বাজার সংলগ্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এ সময় আন্দোলনকারীরা “নারায়ে তাকবির, আল্লাহু আকবার”, “হাদি ভাই কবরে, খুনি কেন বাইরে”, “বিচার চাই, হাদি হত্যার বিচার চাই”, “অন্তর্বর্তীকালীন সরকার কী করে, দিনদুপুরে মানুষ মারে”, “দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা” ইত্যাদি স্লোগান দেয়।
সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে শিক্ষার্থীরা বলেন, শহীদ ওসমান হাদি হত্যার আজ ৩৫ দিন পূর্ণ হলো, কিন্তু কোনো অদৃশ্য শক্তির প্রভাবে বিচার প্রক্রিয়া এখনো থমকে আছে। তারা আশাবাদ ব্যক্ত করে বলেন, গত চব্বিশের অভ্যুত্থানের পর দেশে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠিত হবে বলে তারা আশা করেছিলেন। তবে এই হত্যাকাণ্ডের বিচার কার্যক্রমে এতগুলো দিন পরও কোনো উল্লেখযোগ্য অগ্রগতি দেখা যায়নি। শিক্ষার্থীরা প্রতিজ্ঞা ব্যক্ত করে বলেন, শহীদ ওসমান হাদিকে তারা তাদের স্মৃতি থেকে মুছে যেতে দেবেন না। তার আধিপত্যবাদ বিরোধী চেতনাকে প্রতিপক্ষ বুঝতে পেরেই তাকে পৃথিবী থেকে সরিয়ে দিয়েছে। আন্দোলনকারীরা নিজেদের হাদি ভাইয়ের উত্তরসূরি দাবি করে তার হত্যার দ্রুত বিচার দাবি করেন।
তারা আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তাদের দাবি, দ্রুততম সময়ের মধ্যে শুটার ফয়সাল, হাদি হত্যার আদেশদাতা ও পরিকল্পনাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হোক। এর মাধ্যমে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখার আহ্বান জানান তারা।
রিপোর্টারের নাম 















