শিক্ষা উপদেষ্টার বিরুদ্ধে ‘অসম্মানজনক আচরণের’ অভিযোগ এনে তাঁর পদত্যাগ দাবি করেছে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক ঐক্যজোট।
বুধবার (২২ অক্টোবর) সচিবালয়ে স্মারকলিপি জমা দিতে গিয়ে শিক্ষা উপদেষ্টার সঙ্গে দেখা করতে না পারায় সংগঠনের নেতারা ক্ষোভ প্রকাশ করেন। এই ঘটনার প্রতিবাদে নতুন কর্মসূচি হিসেবে তাঁরা বৃহস্পতিবার বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছেন।
স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক ঐক্যজোটের চেয়ারম্যান কাজী মোখলেছুর রহমান অভিযোগ করেন, শিক্ষা উপদেষ্টা তাঁদের প্রতিনিধি দলের সঙ্গে অসম্মানজনক ব্যবহার করেছেন।
তিনি জানান, “আজ আমাদের কর্মসূচি ছিল শিক্ষা উপদেষ্টা মহোদয়ের কাছে স্মারকলিপি জমা দেওয়া এবং দাবিগুলো নিয়ে আলোচনা করা। কিন্তু পদযাত্রা শুরু করার পরেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বাধা দেয়। এরপরও পুলিশের সহযোগিতায় ১৫ সদস্যের একটি প্রতিনিধি দল শিক্ষা মন্ত্রণালয়ে গিয়ে স্মারকলিপি পেশ করে।”
তিনি আরও বলেন, “আমরা আশা করেছিলাম শিক্ষা উপদেষ্টা অন্তত সৌজন্যমূলক আচরণ করবেন। কিন্তু তিনি আমাদের সঙ্গে দেখা না করে অপমানজনক আচরণ করেছেন। এটি শুধু আমাদের শিক্ষকদের নয়, গোটা শিক্ষক সমাজের প্রতি অবমাননা।”
এই ঘটনার প্রতিবাদ জানাতেই বৃহস্পতিবার বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ মিছিলের ঘোষণা দেন তিনি।
কাজী মোখলেছুর রহমান বলেন, “শিক্ষকদের সঙ্গে এমন আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। শিক্ষা উপদেষ্টা শিক্ষক সমাজকে অসম্মান করেছেন। তাই আমরা তাঁর পদত্যাগ দাবি করছি।”
এদিকে, শিক্ষকরা চলতি বছরের ২৮ জানুয়ারির জাতীয়করণের ঘোষণার দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছেন। সেই সঙ্গে, এমপিওভুক্তির লক্ষ্যে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে পাঠানো ১ হাজার ৮৯টি প্রতিষ্ঠানের ফাইল দ্রুত অনুমোদনের আহ্বান জানান তাঁরা।
অন্যান্য দাবির মধ্যে রয়েছে—অনুদানবিহীন স্বীকৃত ইবতেদায়ী মাদরাসাগুলোর এমপিও আবেদনের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ, প্রাথমিক বিদ্যালয়ের মতোই প্রাক-প্রাথমিক পদ সৃষ্টি করা এবং ইবতেদায়ী মাদ্রাসার জন্য একটি আলাদা অধিদপ্তর স্থাপন করা।
রিপোর্টারের নাম 

























