রাজধানীর উত্তরা ও নিকুঞ্জ এলাকায় অভিযান চালিয়ে আইফোন জালিয়াতির এক বিশাল চক্রের সন্ধান পেয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। চীনা নাগরিকদের প্রত্যক্ষ তত্ত্বাবধানে পরিচালিত একটি অবৈধ মোবাইল সংযোজন কারখানার সন্ধান পাওয়ার পাশাপাশি তিন বিদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন—ট্যান জিয়ান, উ জুন এবং ডং হংওয়েই। বৃহস্পতিবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন ডিবি মিরপুর বিভাগের উপকমিশনার মাহিউদ্দিন মাহমুদ সোহেল।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ৭ জানুয়ারি গোপন সংবাদের ভিত্তিতে উত্তরা ১৭ নম্বর সেক্টর ও নিকুঞ্জ-১ এলাকায় একযোগে অভিযান চালায় ডিবি পুলিশ। অভিযানে বিভিন্ন মডেলের ৩৬৩টি আইফোন, বিপুল পরিমাণ যন্ত্রাংশ এবং মোবাইল তৈরির আধুনিক সরঞ্জাম জব্দ করা হয়।
প্রাথমিক তদন্ত ও জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে, এই চক্রটি দীর্ঘ প্রায় দেড় বছর ধরে বাংলাদেশে তাদের অবৈধ কার্যক্রম চালিয়ে আসছিল। তারা মূলত কর ফাঁকি দিয়ে বিদেশ থেকে আইফোনের বিভিন্ন যন্ত্রাংশ আলাদাভাবে আমদানি করত। এরপর ঢাকার গোপন ল্যাবে সেসব যন্ত্রাংশ জোড়া দিয়ে পূর্ণাঙ্গ ফোন তৈরি করা হতো এবং হুবহু আসল আইফোনের আদলে সেগুলো বাজারে সরবরাহ করা হতো।
ডিবি কর্মকর্তারা আশঙ্কা করছেন, দীর্ঘ সময় ধরে সক্রিয় থাকায় এই চক্রটি এরই মধ্যে বাজারে প্রচুর পরিমাণ নকল আইফোন ছড়িয়ে দিয়েছে। এই প্রতারক চক্রের সাথে কোনো বাংলাদেশি নাগরিক সরাসরি জড়িত কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। তদন্তের স্বার্থে এ বিষয়ে বিস্তারিত প্রকাশ না করলেও জড়িত অন্যদের শনাক্তে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে বলে জানানো হয়।
এদিকে প্রতারণা থেকে বাঁচতে সাধারণ গ্রাহকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে গোয়েন্দা পুলিশ। অনুমোদিত শোরুম বা বিশ্বস্ত উৎস ছাড়া সস্তায় আইফোন কেনার প্রলোভনে পড়ে প্রতারিত না হওয়ার জন্য সাধারণ মানুষকে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
রিপোর্টারের নাম 
























