পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার হাঙ্গু জেলার খাজিনা বান্দা পুলিশ চেকপোস্টে সন্ত্রাসীদের অতর্কিত হামলায় ৯ পুলিশ সদস্য নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ২৮ জন। এই ঘটনায় পুরো অঞ্চলে চরম উত্তেজনা বিরাজ করছে।
খাইবার পাখতুনখোয়ার পুলিশ মহাপরিদর্শক জুলফিকার হামিদ এক বিবৃতিতে জানিয়েছেন, সন্ত্রাসী গোষ্ঠী ‘ফিতনা আল খারিজির’ সদস্যরা খাজিনা বান্দা চেকপোস্টে এই হামলা চালায়। তিনি দাবি করেন, পুলিশের পাল্টা প্রতিরোধমূলক অভিযানে ১৫ জন ‘খারিজি’ সন্ত্রাসী নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছে। দীর্ঘ সময় ধরে চলা তীব্র গোলাগুলিতে ডিএসপি দিয়ার খানসহ মোট ৯ জন পুলিশ সদস্য নিহত হন এবং ২৮ জন আহত হন।
অন্যদিকে, একই রাতে পেশোয়ারের মাত্তানি থানার আওতাধীন আদেজাই এলাকার একটি পুলিশ চেকপোস্টেও সন্ত্রাসীরা হামলা চালানোর চেষ্টা করে। পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, সন্ত্রাসীরা চেকপোস্ট লক্ষ্য করে গুলি চালালে পুলিশ পাল্টা জবাব দেয়। পরে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। তবে এই ঘটনায় কোনো পুলিশ সদস্য হতাহত হননি।
এদিকে, হাঙ্গু জেলার পুলিশ চেকপোস্টে সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি। তিনি নিহত পুলিশ সদস্যদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন এবং ঘটনার সুষ্ঠু তদন্তের আশ্বাস দিয়েছেন।
রিপোর্টারের নাম 
























