মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার প্রেক্ষিতে বিসিবি আইসিসির কাছে চিঠি দেওয়ার কথা জানিয়েছে। ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল অবশ্য সরাসরি ভারতে টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের নিরাপত্তা নিয়ে উদ্বেগের কথা বলেছেন। এ নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডও কোনও প্রতিক্রিয়া জানায়নি। তাদের সংবাদ মাধ্যম এনডিটিভিকে বোর্ডের একটি সূত্র অন্য কথা বলেছে।
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে বাংলাদেশ দলের নিরাপত্তা নিয়ে উদ্বেগের কথা প্রকাশ্যেই বলেছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু বদলাতে আইসিসির কাছে অনুরোধ জানাতে বিসিবিকে নির্দেশ দেওয়ার কথা জানিয়েছেন।
ভারতীয় ক্রিকেট বোর্ডের একটি সূত্র এনডিটিভিকে বলেছে, ‘কারও খামখেয়ালিপনার বশে হুট করে ম্যাচ বদলে দেওয়া যায় না। এটা একেবারেই লজিস্টিক দুঃস্বপ্ন। প্রতিপক্ষ দলগুলোর কথা ভাবুন—তাদের বিমান টিকিট, হোটেল সবই বুক করা।’
আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হবে দশম টি-টোয়েন্টি বিশ্বকাপ। গ্রুপ পর্বে বাংলাদেশের তিনটি ম্যাচের দুটি কলকাতায়, অন্যটি মুম্বাইয়ে। ‘সি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে আছে ইংল্যান্ড, ইতালি ও নেপাল।
প্রতিটি ম্যাচে দুটি দলের পাশাপাশি সম্প্রচার দল ও সময়ের বিষয় জড়িত। সেটি মনে করিয়ে বিসিসিআই সূত্রটি আরও বলেছে, ‘প্রতিদিনই তিনটি করে ম্যাচ রয়েছে, যার অর্থ একটি ম্যাচ হবে শ্রীলঙ্কায়। সেখানে সম্প্রচার টিমও রয়েছে। ফলে বিষয়টা বলা যত সহজ, করা ততটা নয়।’
রিপোর্টারের নাম 

























