নতুন বছরের শুরুটা দারুণ জয়ে রাঙিয়েছে আবাহনী। বাংলাদেশ ফুটবল লিগে আরামবাগ ক্রীড়া সংঘকে ৩-০ গোলে হারিয়েছে আকাশী-নীল জার্সি ধারিরা। আবাহনী জিতলেও হোঁচট খেয়েছে বসুন্ধরা কিংস। ছয় গোলের রোমাঞ্চকর ম্যাচে ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাবের সঙ্গে ৩-৩ ড্র করেছে মারিও গোমেজের দল।
কুমিল্লার ভাষা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে আবাহনীকে কোনও চ্যালেঞ্জই জানাতে পারেনি আরামবাগ ক্রীড়া সংঘ।
নবম মিনিটে দলকে এগিয়ে নেওয়ার পর ৬০ মিনিটে আবারও জালের দেখা পান মালির স্ট্রাইকার সুলেমানে দিয়াবাতে। মাঝে ৪০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করা গোলটি করেন ব্রাজিলিয়ান ব্রুনো মাতোস।
মানিকগঞ্জের শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামে বসুন্ধরা কিংস এদিন ফকিরেরপুলের জালে ছয় মিনিটে ৩ গোলের ঝড় বইয়ে দেয়। ২৩ মিনিটে সাদউদ্দিন দলকে এগিয়ে নেওয়ার পর, দোরিয়েলতন গোমেজ ২৫ ও ২৯ মিনিটে জোড়া গোল করেন।
দ্বিতীয়ার্ধের শেষ দিকে ১৩ মিনিটে ম্যাচের দৃশ্যপট বদলে দেয় ফকিরেরপুল। ৭৭ মিনিটে জাহিদ হোসেন ব্যবধান কমানোর পর, ৮৪ মিনিটে ইরফান হোসেন লক্ষ্যভেদ করলে ম্যাচ জমে ওঠে। ৯০ মিনিটে বেন ইব্রাহিম জালের দেখা পেলে পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে ফকিরেরপুল।
এদিকে শুরুটা ভালো হয়নি রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটির। পুলিশ এফসির সঙ্গে ১-১ গোলে ড্র করে পয়েন্ট ভাগাভাগি করেছে তারা।
তবে বসুন্ধরা কিংস অ্যারেনায় পিডাব্লিউডিকে ২-০ গোলে হারিয়েছে ফর্টিস। প্রথমার্ধের শেষ দিকে পা ওমার বাবু এবং দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে ওকাফোর গোল পান।
লিগের প্রথম পর্ব শেষে বসুন্ধরা কিংস ও ফর্টিসের পয়েন্ট সমান ১৮ করে। দুদলের জয়, হার এবং ড্রও সমান। তবে গোল ব্যবধানে এগিয়ে কিংস শীর্ষে, ফর্টিস দ্বিতীয় স্থানে। ১৫ পয়েন্ট নিয়ে রহমতগঞ্জ তৃতীয় এবং ১৪ পয়েন্ট নিয়ে পুলিশ আছে চতুর্থ স্থানে। আবাহনী ১৩ পয়েন্ট নিয়ে আছে পঞ্চম স্থানে।
এদিকে মধ্যবর্তী দল বদল ৪ থেকে ৩১ জানুয়ারি হবে। এই সময়ে ফেডারেশন কাপ বা লিগে কোনও ম্যাচ থাকবে না।
রিপোর্টারের নাম 

























