বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠানকে কেন্দ্র করে ঢাকায় ভারত ও পাকিস্তানের উচ্চপর্যায়ের প্রতিনিধিদের মধ্যে এক বিরল ও সৌজন্যপূর্ণ সাক্ষাৎ ঘটেছে। বুধবার সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজার আনুষ্ঠানিকতার আগে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং পাকিস্তান জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক একে অপরের সঙ্গে হাত মেলান এবং কুশল বিনিময় করেন। দক্ষিণ এশিয়ার এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের শীর্ষ প্রতিনিধিদের এমন সৌহার্দ্যপূর্ণ অবস্থান আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করেছে।
জানাজার আগে সংসদ ভবনের দক্ষিণ ব্লকে সার্কভুক্ত ছয়টি দেশের প্রতিনিধিদের জন্য একটি বিশেষ কক্ষের ব্যবস্থা করা হয়েছিল। সেখানেই ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর নিজে এগিয়ে গিয়ে পাকিস্তানের স্পিকার সরদার আয়াজ সাদিকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। উল্লেখ্য যে, ২০২৫ সালের মে মাসে দুই দেশের মধ্যে সীমান্ত উত্তজনা ও সামরিক সংঘাতের পর এটিই দুই দেশের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের মধ্যে প্রথম সরাসরি এবং আনুষ্ঠানিক যোগাযোগ। এই বিশেষ মুহূর্তে সেখানে নেপাল, ভুটান, শ্রীলঙ্কা ও মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী এবং বিশেষ দূতেরাও উপস্থিত ছিলেন।
কূটনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, বেগম খালেদা জিয়ার প্রয়াণ এবং তাঁর প্রতি বিশ্বনেতাদের এই শ্রদ্ধা নিবেদন আঞ্চলিক রাজনীতিতে এক নতুন সমীকরণ তৈরি করেছে। বিশেষ করে ভারত ও পাকিস্তানের প্রতিনিধিদের এই করমর্দন দক্ষিণ এশিয়ায় দীর্ঘদিনের রাজনৈতিক বরফ গলার ইঙ্গিত হতে পারে। জানাজায় বিশ্বনেতাদের এমন সরব উপস্থিতি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কূটনৈতিক সক্ষমতা এবং বেগম জিয়ার আন্তর্জাতিক গ্রহণযোগ্যতাকেই নতুনভাবে প্রমাণ করল।
রিপোর্টারের নাম 



















