ইরানের ওপর হামলা আপাতত স্থগিত রাখার ব্যাপারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইতিবাচক মন্তব্যের পর যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে বড় ধরনের উত্থান লক্ষ্য করা গেছে। গত বৃহস্পতিবার ওয়াল স্ট্রিটের প্রধান সূচকগুলো শক্তিশালীভাবে ঊর্ধ্বমুখী হয়েছে।
ট্রাম্পের এই বক্তব্য, যেখানে তিনি ইরানের সঙ্গে একটি চুক্তি খুব কাছাকাছি বলে ইঙ্গিত দিয়েছেন, পুঁজিবাজারে তাৎক্ষণিক ইতিবাচক প্রভাব ফেলেছে। এদিন নিউইয়র্কের শেয়ারবাজারে ডাও জোন্স ইন্ডাস্ট্রিয়াল অ্যাভারেজ সূচক ১.৭৫ শতাংশ এবং প্রযুক্তি খাতের প্রধান সূচক নাসডাক কম্পোজিট ২.৫৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
চেরি লেন ইনভেস্টমেন্টসের পার্টনার রিক মেকলার বলেন, ‘প্রশাসনের মতে, এটি আরো একটি দিন যখন যুদ্ধ শেষ হতে চলেছে। আর এই বিষয়টিই বাজারকে ওপরের দিকে টেনে নিয়েছে।’ তিনি আরও যোগ করেন, ‘বর্তমানে বাজারের ওপর সবচেয়ে বড় চাপ হচ্ছে এই যুদ্ধ এবং মূল্যস্ফীতির ওপর বিশেষ করে জ্বালানি খাতের ওপর এর প্রভাব। ফলে এটি যদি সত্যিই শেষ হয়, তবে তা বাজারের জন্য স্পষ্টতই একটি বড় ইতিবাচক দিক।’ তবে তিনি এই পরিস্থিতি নিয়ে কিছুটা সংশয়ও প্রকাশ করেন, ‘এটি কি আরো একটি ভুল ইঙ্গিত, না-কি আসলেই সবকিছু শেষ হতে চলেছে?’
রিপোর্টারের নাম 





















