ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঘোষণা করেছেন যে, পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ক্ষমতায় আসলে রাজ্যের আন্তর্জাতিক সীমান্ত সম্পূর্ণ সিল করে দেওয়া হবে। অনুপ্রবেশকে জাতীয় নিরাপত্তার জন্য একটি বড় হুমকি হিসেবে উল্লেখ করে তিনি বলেন, পশ্চিমবঙ্গে এমন একটি সরকার আসা প্রয়োজন যারা সীমান্ত সুরক্ষা নিশ্চিত করতে পারবে। তৃণমূল কংগ্রেস এই কাজে ব্যর্থ দাবি করে তিনি বলেন, কেবল বিজেপিই সীমান্ত সিল করার সক্ষমতা রাখে। মঙ্গলবার বিজেপির রাজ্য সদর দপ্তর থেকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর তীব্র সমালোচনা করে তিনি এই মন্তব্য করেন।
বক্তব্য চলাকালীন অমিত শাহ সরাসরি মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করেন যে, কোন সরকার সীমান্তের কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য জমি দিতে অস্বীকৃতি জানায়। এর উত্তরে তিনি নিজেই বলেন, মমতা ব্যানার্জীর সরকারই সীমান্তে বেড়া নির্মাণের জন্য প্রয়োজনীয় জমি দিচ্ছে না। তিনি আরও অভিযোগ করেন যে, আসাম ও ত্রিপুরায় অনুপ্রবেশ বন্ধ করা সম্ভব হলেও পশ্চিমবঙ্গ সরকার কেবল তাদের ভোটব্যাংক সুরক্ষিত রাখতে এবং রাজ্যের জনসংখ্যার চরিত্র পরিবর্তনের লক্ষ্যে অনুপ্রবেশ হতে দিচ্ছে। তার মতে, গত ১৪ বছর ধরে ভয় ও দুর্নীতি পশ্চিমবঙ্গের প্রধান পরিচয়ে পরিণত হয়েছে।
জাতীয় নিরাপত্তার স্বার্থে আন্তর্জাতিক সীমান্ত সিল করে দেওয়াকে অপরিহার্য বর্ণনা করে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের সংস্কৃতি রক্ষা এবং নিরাপত্তা নিশ্চিত করতে বিজেপিকে ক্ষমতায় আনা জরুরি। তৃণমূল কংগ্রেস এই অনুপ্রবেশ ঠেকাতে পারবে না বলে তিনি পুনরায় সতর্ক করেন। অমিত শাহ আশাবাদ ব্যক্ত করে বলেন, আগামী নির্বাচনে বিজেপি দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে পশ্চিমবঙ্গে সরকার গঠন করবে এবং রাজ্যের সীমানা সুরক্ষিত করার প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে।
রিপোর্টারের নাম 





















