চলতি বছরের অন্যতম আলোচিত ও জনপ্রিয় গান ‘ময়না’। গত জুলাইয়ে প্রকাশের পর থেকেই গানটি দর্শক-শ্রোতার মাঝে ব্যাপক সাড়া ফেলে।
কণ্ঠশিল্পী কোনাল ও নিলয়ের গাওয়া এই গানটির কথা লিখেছেন আসিফ ইকবাল, সুর ও সংগীতায়োজন করেছেন আকাশ সেন। সিনেমাটিক আবহে নির্মিত গানটির ভিডিও বানিয়েছেন তানিম রহমান অংশু।
মুক্তির পর থেকেই গানটি ইউটিউবসহ বিভিন্ন প্ল্যাটফর্মে জনপ্রিয়তার শীর্ষে উঠে আসে। বর্তমানে গানটির ভিউ ৬২ লাখ ছাড়িয়ে গেছে। ‘গানচিল মিউজিক’-এর নতুন প্রজেক্ট ‘বাংলা অরিজিনালস’-এর প্রথম গান, যা দিয়ে প্রতিষ্ঠানটি মিউজিক ভিডিও নির্মাণে নতুন মাত্রা যোগ করে।
প্রথম গানের ভালো সাফল্যের ধারাবাহিকতায় এবার একই টিম নিয়ে নতুন গানচিত্র আসছে গানচিল মিউজিকে। শিরোনাম ‘ও জান’। আগের মতোই এই গানেও কণ্ঠ দিয়েছেন কোনাল ও নিলয়। গানটির কথা লিখেছেন আসিফ ইকবাল। তবে এবার সংগীতায়োজনের জায়গায় এসেছে পরিবর্তন। নতুন গানটি যৌথভাবে সুর করেছেন আভ্রাল সাহির (ঢাকা) ও লিংকন (কলকাতা)। সংগীতায়োজন করেছেন আভ্রাল সাহির।
গানটির ভিডিও নির্মাণ করছেন আগের মতোই তানিম রহমান অংশু। নতুন বছরকে বরণ করে নেওয়া হবে এই গান দিয়েই। পরিকল্পনা অনুযায়ী, বছরের প্রথম দিনেই গানটি প্রকাশ করা হবে। এটি ‘বাংলা অরিজিনালস’-এর দ্বিতীয় গান।
নতুন গানটি নিয়ে গীতিকার ও গানচিল মিউজিকের কর্ণধার আসিফ ইকবাল বলেন, “ময়না গানের সাফল্যের পর তার ধারাবাহিকতায় আমরা ‘ও জান’ গানটি নিয়ে আসছি। ময়না ছিল একটি ড্যান্স নাম্বার। আর ‘ও জান’ হচ্ছে একেবারে পিউর রোমান্টিক গান। গানের কথা, গায়কী, মিউজিক ও ভিডিও—সব কিছুতেই নতুন সংযোজন থাকবে। পাশাপাশি গানচিল মিউজিক ভিডিও নির্মাণে যে নতুন মাত্রা যোগ করেছে, সেটিও দর্শকরা এবারও দেখতে পাবেন। আমার বিশ্বাস, নতুন গানটি দর্শক-শ্রোতাদের কাছে সমানভাবে গ্রহণযোগ্যতা পাবে।”
এর আগে ‘সিনেমার প্রিয়তমা’, ‘রাজকুমার’ ও ‘মেঘের নৌকা’র মতো জনপ্রিয় গানে কণ্ঠ দিয়েছেন কোনাল। এসব গানের গীতিকারও ছিলেন আসিফ ইকবাল। তার লেখা ‘ময়না’ গানটি শ্রোতাদের কাছে ব্যাপক জনপ্রিয়তা পায়। নতুন গানটি নিয়ে কোনাল বলেন, ‘‘ময়না’ গানটিতে কণ্ঠ দেওয়ার সময়ই বলেছিলাম, এটি জনপ্রিয়তা পাবে—আর সেটাই হয়েছে। গানটি ছিল একেবারে ভিন্ন ধাঁচের একটি নাচের গান। আসিফ ইকবাল ভাই রোমান্টিক কথায় গান লেখায় সত্যিই অনবদ্য। ‘ও জান’ গানটি গাওয়ার সময়ই বুঝেছিলাম, এটি দর্শকদের নাড়া দেবে। আমার বিশ্বাস, গানটি অতীতের সব গানের রেকর্ড ভেঙে দেবে।”
রিপোর্টারের নাম 

























