২০২৫-২০২৬ অর্থবছরের প্রথম প্রান্তিক, অর্থাৎ জুলাই থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) মোট ৯০,৮২৫ কোটি টাকা রাজস্ব আদায় করেছে। এই অর্জন গত ২০২৪-২০২৫ অর্থবছরের একই সময়ের তুলনায় প্রায় ২০.২১ শতাংশ বেশি।
শুক্রবার (১৭ অক্টোবর) এনবিআর এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৪-২০২৫ অর্থবছরের প্রথম তিন মাসে রাজস্ব আদায়ের পরিমাণ ছিল ৭৫,৫৫৪ কোটি টাকা। (এর আগের বছর, অর্থাৎ ২৩-২৪ অর্থবছরে, প্রথম তিন মাসের আদায় ছিল ৭৬,০৬৮.৪৩ কোটি টাকা।)
রাজস্ব আয়ের ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে স্থানীয় পর্যায়ের মূল্য সংযোজন কর বা মুসক (VAT) খাত। এই খাত থেকে মোট ৩৪,৮১৯ কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে, যা গত অর্থবছরের একই সময়ের ২৬,৮৩৮ কোটি টাকার তুলনায় ২৯.৭৪ শতাংশ বেশি।
অন্যদিকে, আয়কর ও ভ্রমণ কর বাবদ জুলাই-সেপ্টেম্বর মাসে রাজস্ব আদায় হয়েছে ২৮,৪৭৮ কোটি টাকা। গত অর্থবছরের প্রথম তিন মাসে এই আদায় ছিল ২৪,০৮০ কোটি টাকা। এই খাতে প্রবৃদ্ধির হার দাঁড়িয়েছে ১৮.২৬ শতাংশ।
এছাড়া, ২০২৫-২০২৬ অর্থবছরে আমদানি ও রপ্তানি খাত থেকে রাজস্ব আদায় হয়েছে ২৭,৫২৮ কোটি টাকা। আগের অর্থবছরে একই সময়ে এই খাত থেকে আদায় হয়েছিল ২৪,৬২৫.৪৭ কোটি টাকা। চলতি অর্থবছরে এই খাত থেকে প্রবৃদ্ধির হার অর্জন হয়েছে ১১.৭ শতাংশ।
এনবিআর অঙ্গীকার করেছে, করের আওতা বৃদ্ধি, কর পরিপালন নিশ্চিতকরণ, কর ফাঁকি প্রতিরোধ এবং ফাঁকি দেওয়া রাজস্ব পুনরুদ্ধার করে সরকারি কোষাগারে জমা দেওয়ার মাধ্যমেই রাজস্ব আদায়ের এই ধারা বজায় রাখা হবে।
রিপোর্টারের নাম 

























