জাতীয় নাগরিক পার্টি-এনসিপি প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটকে জনকল্যাণমুখী বা রূপান্তরমুখী না হয়ে ইশতেহার নির্ভর ও অবাস্তব প্রতিশ্রুতিনির্ভর বলে মন্তব্য করেছে। দলটি এই বাজেটকে ‘প্রতারণার বাজেট’ আখ্যা দিয়ে বলেছে, এতে জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি।
শুক্রবার বিকেলে বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে বাজেট নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির এনসিপির ছায়া বাজেট কমিটির প্রধান ড. আতিক মুজাহিদ এসব কথা বলেন। তিনি এনসিপির যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য। এ সময় দলটির যুগ্ম সদস্য সচিব আলাউদ্দিন মোহাম্মদ, জয়নাল আবেদীন শিশিরসহ অন্যান্য নেতারাও উপস্থিত ছিলেন।
ড. আতিক মুজাহিদ বলেন, দেশের অর্থনীতি দীর্ঘদিনের দুর্বল ভিত্তি, ঋণনির্ভরতা ও বৈষম্যের সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। এমন পরিস্থিতিতে একটি রূপান্তরমুখী বাজেট প্রয়োজন ছিল, যা অর্থনীতিকে নতুন ভিত্তির ওপর দাঁড় করাতে পারত। কিন্তু সরকার সে পথে না গিয়ে ইশতেহারধর্মী ও অবাস্তব লক্ষ্যনির্ভর বাজেট দিয়েছে। তিনি এটিকে একটি ‘প্রতারণার বাজেট’ হিসেবে অভিহিত করেন এবং জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন না ঘটায় তিনি চরমভাবে হতাশ ও উদ্বিগ্ন প্রকাশ করেন।
বাজেটের আকার নিয়ে এক প্রশ্নের জবাবে ড. আতিক মুজাহিদ বলেন, ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট একটি ‘কাল্পনিক’ বাজেট। গত বছরের তুলনায় প্রায় ১৮ শতাংশ বড় এই বাজেটের আয় লক্ষ্যমাত্রা বাস্তবসম্মত নয়। তার দাবি, জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) যে রাজস্ব আহরণের লক্ষ্য দেওয়া হয়েছে, তা অর্জন করা সম্ভব নয়। তিনি বলেন, সরকার প্রায় ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা রাজস্ব আদায়ের কথা বললেও বাস্তবতা হলো, সাম্প্রতিক বছরগুলোর রাজস্ব আহরণের চিত্র বিবেচনায় এ পরিমাণ আদায় সম্ভব নয়। সর্বোচ্চ ৪ থেকে সাড়ে ৪ লাখ কোটি টাকা আদায় হতে পারে, যা আড়াই লাখ কোটি টাকারও বেশি ঘাটতি তৈরি করবে।
ব্যাংক ঋণনির্ভর অর্থায়নের সমালোচনা করে ড. আতিক মুজাহিদ বলেন, দেশের ব্যাংকিং খাত ইতোমধ্যে চাপে রয়েছে। এ অবস্থায় আরও ঋণনির্ভর বাজেট বাস্তবায়ন করতে গেলে বেসরকারি খাত ক্ষতিগ্রস্ত হবে এবং শেষ পর্যন্ত টাকা ছাপানোর মতো পরিস্থিতি তৈরি হতে পারে, যা মূল্যস্ফীতি বাড়াবে। বাজেটে ব্যাংকিং খাতের সংস্কার নিয়ে সুনির্দিষ্ট কোনো দিকনির্দেশনা নেই। একই সঙ্গে করব্যবস্থার বিভিন্ন প্রস্তাব সাধারণ মানুষ ও ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য নতুন চাপ তৈরি করবে।
রিপোর্টারের নাম 






















