শাংহাইয়ে অনুষ্ঠিত গ্লোবাল ডেভেলপার পাইওনিয়ার্স সামিটে জানানো হয়েছে, রোবটের শেখা ও বোঝার সক্ষমতা বাড়াতে জোর দিচ্ছে চীন। একই সঙ্গে ওপেন-সোর্স প্রযুক্তি ও মানবাকৃতি রোবট শিল্পায়নের উদ্যোগও জোরদার করা হচ্ছে। আবার সিছুয়ান প্রদেশের মিয়ানইয়াং শহরের এম্বডিড ইন্টেলিজেন্স রোবট ট্রেনিং বেইজে শিল্প, স্বাস্থ্যসেবা, নগর ব্যবস্থাপনা ও জরুরি সেবার জন্য রোবটদের বাস্তব প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
কৃত্রিম বুদ্ধিমত্তা এখন আর শুধু সফটওয়্যারে সীমাবদ্ধ নেই। বরং রোবট ও এর যন্ত্রাংশগুলো এখন ক্রমাগত শিখতে, বুঝতে এবং বাস্তব কাজ করতে পারছে। আর এটাই হলো এমবডিড ইন্টেলিজেন্স, যার হাত ধরে চীনের রোবট প্রযুক্তি পৌঁছে যাচ্ছে নতুন এক অধ্যায়ে।
শিল্প গবেষণায় দেখা গেছে, চীনে এখন এই এমবডিড ইন্টেলিজেন্স প্রযুক্তির শিল্প চেইন ক্রমাগত বিকশিত হচ্ছে। মূল প্রযুক্তিগুলোয় আসছে একের পর এক ব্রেকথ্রু। এতে করে বাস্তব অর্থনীতির সঙ্গে আরও গভীরভাবে যুক্ত হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই।
চাইনিজ একাডেমি অব সায়েন্সেস-এর টুরিং পুরস্কার বিজয়ী বিশেষজ্ঞ ইয়াও ছিচি জানালেন, অনুকরণ থেকে যুক্তির দিকে অগ্রসর হতে হলে, আমাদের যুক্তি, পরিকল্পনা এবং নিয়ন্ত্রণকে একটি ক্লোজড-লুপ কাঠামোর মধ্যে একীভূত করতে হবে। এমবডিড প্রযুক্তিতে তথ্য সংগ্রহের খরচ বেশি, তাই বড় আকারে উৎপাদনে যাওয়ার আগে আমাদের তথ্য সংগ্রহের নতুন পদ্ধতি খুঁজতে হবে।
কৃত্রিম বুদ্ধিমত্তা এখন আর শুধু সফটওয়্যারে সীমাবদ্ধ নেই। ছবি: সিএমজি
মৌলিক সক্ষমতা তৈরি হয়ে গেলে, পরবর্তী পর্যায়ে জটিল কার্য সম্পাদন এবং শিল্প বাস্তুতন্ত্রের সমন্বয় করতে হবে। ইয়াও জানান, এ পর্যায়ে মূলত বিচ্ছিন্ন কাজ সম্পাদনের দক্ষতার গণ্ডি পেরিয়ে রোবটের পুরো শরীর ব্যবহার করে জটিল কাজ করার মতো প্রযুক্তি বিকাশ করতে হবে।
এক্ষেত্রে এ শিল্পে জড়িত প্রতিষ্ঠানগুলোকে ওপেন সোর্স প্লাটফর্ম প্রতিষ্ঠার পাশাপাশি একটি একক মানদণ্ড ব্যবস্থাও গড়ে তুলতে হবে বলে মনে করেন ইয়াও ছিচি।
আর এই উদ্দেশ্যেই শাংহাইয়ে অনুষ্ঠিত গ্লোবাল ডেভেলপার পাইওনিয়ার্স সামিটে এক ছাদের নিচে জড়ো হয়ে আইডিয়া ভাগাভাগি করেছেন এআই ডেভেলপার, উদ্যোক্তা ও গবেষণা প্রতিষ্ঠান। আর সম্মেলনের শুরুতেই দেওয়া হয় শাংহাই হিউম্যানয়েড রোবট পাইলটস্কেল এক্সপেরিমেন্ট অ্যালায়েন্স প্রতিষ্ঠার ঘোষণা।
অন্যদিকে, চীনের সিছুয়ান প্রদেশে চালু হয়েছে এমবডিড ইন্টেলিজেন্স-এর জন্য তৈরি প্রশিক্ষণ ঘাঁটি সিছুয়ান এমবডিড ইন্টেলিজেন্স রোবট ট্রেনিং বেজ। এখানে নানা কাজের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন রোবটদের প্রস্তুত করা হচ্ছে। উৎপাদন, স্বাস্থ্যসেবা, নগর ব্যবস্থাপনা এবং এমনকি জরুরি প্রতিক্রিয়ার মতো ক্ষেত্রের দক্ষতাও শেখানো হচ্ছে রোবটদের।
মিয়ানইয়াং শহরের এই কেন্দ্রটিতে আছে রোবট পরীক্ষা ও প্রশিক্ষণের নানা বাস্তবধর্মী পরিবেশ ও সিমুলেশন।
সিছুয়ান এমবডিড ইন্টেলিজেন্স রোবট ট্রেনিং বেজ-এর কারিগরি পরিচালক চাং ছেনছেন জানান, ‘এ প্রশিক্ষণ কর্মসূচিতে শিল্প উৎপাদন, গৃহস্থালি পরিষেবা এবং কেনাকাটায় সহায়তার মতো এক ডজন পরিস্থিতি রয়েছে। একজন প্রাপ্তবয়স্ক যেমন করে একটি শিশুকে শিক্ষা দেন, এখানে সেভাবেই নির্দেশনা দেওয়া হয়।’
চীনে সম্প্রতি জাতীয় এবং স্থানীয় স্তরে এআই-এর বিকাশ ঘটাতে অগনিত নীতিমালা চালু হয়েছে। এখন এ প্রশিক্ষণ কেন্দ্রের কিছু কেনাকাটায় সহায়তাকারী রোবটকে বাস্তব কাজে স্থাপন করার প্রাথমিক প্রস্তুতি চলছে।
সূত্র: সিএমজি
রিপোর্টারের নাম 























