ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধের জেরে রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা প্যাকেজের অংশ হিসেবে যুক্তরাজ্য পাকিস্তানি বংশোদ্ভুত তেল ব্যবসায়ী ধনকুবের মুর্তজা লাখানিকে নিষেধাজ্ঞার তালিকায় অন্তর্ভুক্ত করেছে। লন্ডনভিত্তিক এই প্রভাবশালী পাকিস্তানি ব্যবসায়ীর বিরুদ্ধে রুশ জ্বালানি খাতে ভূমিকার অভিযোগে এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে যুক্তরাজ্য জানিয়েছে। নিষেধাজ্ঞার আওতায় এসেছে লাখানির মার্কেন্টাইল অ্যান্ড মেরিটাইম গ্রুপসহ বেশ কয়েকটি কোম্পানি।
ইউরোপীয় ইউনিয়নের(ইইউ) নতুন নিষেধাজ্ঞা প্যাকেজের কয়েক দিন পরই যুক্তরাজ্যের এই পদক্ষেপ নিলো। ইইউও এই পাকিস্তানি ব্যবসায়ী এবং একজন প্রভাবশালী আজারবাইজানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।
লিখিত বিবৃতিতে লাখানি অভিযোগ অস্বীকার করে বলেছেন, তিনি কোনও শ্যাডো জাহাজ বহরের মালিক বা নিয়ন্ত্রক নন যা রুশ পেট্রোলিয়াম পণ্যের ব্যবসা করে নিষেধাজ্ঞা আইন লঙ্ঘন করছে। ইইউ ও যুক্তরাজ্যের এই নিষেধাজ্ঞা প্রতিরোধ, খণ্ডন ও আপিল করতে আইনি প্রতিকার ও ক্ষতিপূরণের সব পন্থা তিনি অনুসরণ করছেন।
লন্ডন ও ব্রাসেলসের সর্বশেষ নিষেধাজ্ঞা এমন সময় এলো যখন ওয়াশিংটন রাশিয়ার জ্বালানি খাতে নতুন নিষেধাজ্ঞা প্রস্তুত করছে। ইউক্রেনের সঙ্গে শান্তি চুক্তি প্রত্যাখ্যান করলে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ওপর চাপ বাড়ানোর কৌশলের অংশ এটি। বুধবার ব্লুমবার্গ নিউজের প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্প প্রশাসন রাশিয়ার ছায়া ট্যাংকার বহরের জাহাজ এবং লেনদেন সহজতরকারী ব্যবসায়ীদের লক্ষ্য করে ব্যবস্থা নেওয়ার বিষয় বিবেচনা করছে।
লন্ডনের অভিজাত চেলসি এলাকাকে দীর্ঘদিনধরে মূল ঘাঁটি হিসেবে ব্যবহার করা লাখানি ব্রিটিশ রাজনৈতিক মহলে ভালো যোগাযোগ রাখেন।
বৃহস্পতিবারের যুক্তরাজ্যের নিষেধাজ্ঞায় সংযুক্ত আরব আমিরাতভিত্তিক কয়েকটি প্রতিষ্ঠানকেও অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে তেজারিনাফট এফজেডসিও, ফসিল ট্রেডিং এফজেডসিও এবং আমুর টু–এফজেডসিও। যুক্তরাজ্যের দাবি, এগুলো লাখানির সঙ্গে যুক্ত এবং রুশ সরকারের কৌশলগত স্বার্থসংশ্লিষ্ট খাতে ব্যবসা করছে।
নিষেধাজ্ঞার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে তিনটি ছোট রুশ তেল উৎপাদক প্রতিষ্ঠানও।
রিপোর্টারের নাম 























