জাতীয় গণতান্ত্রিক পার্টির সহসভাপতি রাশেদ প্রধান বলেছেন, বাংলাদেশ ৭১-এ স্বাধীনতার পর থেকে যে স্বাধীনতা পেয়েছে, তা নামকাওয়াস্তে। আমাদের সার্বভৌমত্ব ছিল না। আমরা আগামীর বাংলাদেশে প্রকৃত স্বাধীনতা সার্বভৌমত্বের স্বাদ পেতে চাই, হিন্দুস্তানের করদরাজ্য থেকে নতুন বাংলাদেশ গড়তে চাই।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শহীদ বেদিতে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, ৭১ আমাদের সামনে স্পষ্ট, মুক্তিযুদ্ধ আমাদের সামনে স্পষ্ট, বুদ্ধিজীবী দিবস স্পষ্ট। আমাদের মানচিত্র, পতাকা স্পষ্ট। এই জায়গাগুলো নিয়ে নতুন করে বিতর্ক সৃষ্টি করার সুযোগ আছে বলে আমি মনে করি না। ৭১-কে আমাদের ধারণ করতে হবে। একইভাবে আমরা ৯০ ও ২৪-এ স্বৈরাচার পতন ধারণ করতে হবে। নতুন বাংলাদেশ গড়তে গেলে পুরানো ইতিহাসকে ত্যাগ করে নতুন বাংলাদেশ সম্ভব না। অতএব, বিতর্ক সৃষ্টি করার সুযোগ আছে বলে আমি মনে করি না।
রাশেদ প্রধান বলেন, যারা বিতর্ক তৈরি করার সুযোগ সৃষ্টি করছে, তাদের শোধরাতে হবে। আজকের বিজয় দিবস অন্যরকম, মনে হচ্ছে বিজয় দিবস না, ভোটের রাজনীতি চলছে এখানে। বিতর্ক তৈরি করার উদ্দেশ ভোটের জন্য হতে পারে। তবে ভবিষ্যৎ বাংলাদেশে এ ধরনের বিতর্ক ধোপে টিকবে না।
এসময় দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা তার সঙ্গে উপস্থিত ছিলেন।
রিপোর্টারের নাম 
























