বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, গোলাম আজমসহ তার সাঙ্গপাঙ্গরা যদি জাতির শ্রেষ্ঠ সন্তান হয়, তাহলে বীর মুক্তিযোদ্ধাদের অপমানিত করা হচ্ছে, তাহলে বীর মুক্তিযোদ্ধাদের অবস্থানটা কোথায়?
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শহীদ বেদিতে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, গোলাম আজমের দলটি ১৯৪৭ সাল থেকে অদ্যাবধি, ১৯৪৭ সাল ১৯৭১ সাল— এখন পর্যন্ত দেশের শান্তি কখনও কামনা করে নাই, তারা দেশের স্বাধীনতা চায়নি, এখনও তারা দেশের স্বাধীনতা চায় না। তারা চায়, দেশটা একটা বিপাকে পড়ুক, একটা খারাপ অবস্থায় চলে যাক, অশান্তির বাংলাদেশ থাকুক।
২৪ এবং ৭১-কে মুখোমুখি করা হচ্ছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ৭১ এবং ২৪ যার যার অবস্থানে স্বমহিমায় তারা বিরাজিত। ৭১-এর সঙ্গে ২৪-এর তুলনা হওয়ার কোনও সম্ভাবনাও নাই।
গণমানুষের চিন্তা ভাবনা আকাঙ্ক্ষা সব বিষয়কে মাথায় নিয়ে আজকে এই বিজয় দিবস এবং সামনে নির্বাচন। নির্বাচনের প্রাক্কালে এই ধরনের বিজয় কখনও আগে পাইনি। তাই আজকের এই বিজয় দিবসে আমাদের নেতা তারেক রহমানের পক্ষ থেকে বাংলাদেশের সবাইকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানাচ্ছি। আমরা আশা করেছিলাম স্বাধীনতার পর যেই আশা-আকাঙ্ক্ষা উদ্দীপনা নিয়ে দেশ গড়ার, আওয়ামী লীগ এসে আমাদের সেসমস্ত আশা চূর্ণ-বিচুর্ণ করে দিয়েছে।
এসময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, সালাহউদ্দিন আহমদ, খালেদা জিয়ার উপদেষ্টা আমান উল্লাহ আমানসহ আরও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
রিপোর্টারের নাম 
























