বিপিএলে প্রথমবার খেলছে নোয়াখালী এক্সপ্রেস। তবে খেলা শুরুর আগেই আলোচনায় চলে এসেছেন ফ্র্যাঞ্চাইজিটির ম্যানেজিং ডিরেক্টর (এমডি) বজলুর রহমান রতন। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রতন খোলামেলা কথা বলেন।
জাতীয় দলের উইকেটরক্ষক-ব্যাটার জাকের আলি অনিক কী নোয়াখালীর অধিনায়ক হতে পারেন? উত্তরে বলেছেন, ‘না, জাকের আলি অনিক আমার ব্যক্তিগত পছন্দ নয়। এটাই সত্যি কথা। আমি জাকেরের চেয়ে মোহাম্মদ নাবি বা কুশল মেন্ডিসকে বেশি পছন্দ করবো।’
সংবাদ সম্মেলনে দলের প্রধান কোচ খালেদ মাহমুদ সুজনের নাম ভুল করে ‘সুমন’ বলে বসেন তিনি। সংশোধনের পর আবার অধিনায়ক হিসেবে পছন্দের কথা বলেছেন, ‘অধিনায়ক হওয়ার মতো ২-৩ জন খেলোয়াড় আছেন। যেহেতু আমাদের কোচ আছে, সুজন ভাই। আমরা কোচকে অধিনায়কের প্রস্তাব দেওয়ার পরিকল্পনাও করেছি। আমরা সৌম্য সরকারকে ট্রাই করবো।’
গত ৩০ নভেম্বরের খেলোয়াড় ড্রাফটে শীর্ষ ক্যাটাগরি এ ও বি থেকে কাউকে দলে নিতে ব্যর্থ হওয়ায় বাধ্য হয়ে নিজেদের বেস প্রাইস ৩৫ লাখ টাকায় জাকেরকে নিতে হয় নোয়াখালীকে।
এদিকে অভিনেতা জিয়াউল হক পলাশকে নোয়াখালী এক্সপ্রেসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করা হয়েছে।
রিপোর্টারের নাম 






















