বাংলাদেশ ও নেদারল্যান্ডসের মধ্যে নৌ-প্রতিরক্ষা সামগ্রী ও প্রযুক্তিগত সহযোগিতা জোরদারে একটি নতুন সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগের (এএফডি) তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে এ স্মারকটি সই করেন দুই দেশের শীর্ষ কর্মকর্তারা।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, বাংলাদেশের পক্ষে স্মারকে সই করেন সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান। নেদারল্যান্ডসের পক্ষে সই করেন বাংলাদেশে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত জোরিস ভ্যান বোমেল।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নেদারল্যান্ডস প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নন-রেসিডেন্ট ডিফেন্স অ্যাটাশে ক্যাপ্টেন (আরএনএলএন) জি (জর্ডি) ক্লেনিন, নেদারল্যান্ডস দূতাবাসের সিনিয়র উপদেষ্টা (অর্থ–বাণিজ্য ও বেসরকারি খাত উন্নয়ন), সশস্ত্র বাহিনী বিভাগের মহাপরিচালকরা, পররাষ্ট্র মন্ত্রণালয়ের পশ্চিম ইউরোপ ও ইইউ শাখার মহাপরিচালক এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নৌ-উপদেষ্টা।
আইএসপিআর আরও জানায়, ভ্রাতৃত্ব ও পারস্পরিক শ্রদ্ধার চেতনায় সই হওয়া এই সমঝোতা স্মারকটি নৌ-প্রতিরক্ষা সামগ্রী বিষয়ে সহযোগিতার এক যুগান্তকারী কাঠামো তৈরি করেছে। এর মাধ্যমে নৌ-প্রতিরক্ষা শিল্পে পারস্পরিক সহযোগিতা, তথ্য ও অভিজ্ঞতা বিনিময়, শিক্ষা ও প্রশিক্ষণ বিনিময়, প্রযুক্তি হস্তান্তর, শিল্প সুরক্ষা নীতির আলোকে তথ্য বিনিময় এবং প্রয়োজন অনুযায়ী লজিস্টিক সহায়তা প্রদানের সুযোগ আরও বিস্তৃত হবে।
এই ঐতিহাসিক স্মারক সইয়ের ফলে দুই দেশের মধ্যে সামরিক বিশেষজ্ঞ বিনিময় জোরদার হবে, যা নৌ-প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি বাংলাদেশের নৌ-প্রতিরক্ষা আধুনিকায়ন এবং নেদারল্যান্ডসের সঙ্গে দীর্ঘমেয়াদি কৌশলগত সহযোগিতা আরও শক্তিশালী হবে। ফলে দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সম্পর্কের ধারাবাহিক অগ্রযাত্রায় এ সমঝোতা স্মারকটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।
রিপোর্টারের নাম 























