রাজধানী ঢাকায় পৃথক দুই স্থানে ছুরিকাঘাতে এক কলেজ শিক্ষার্থী ও এক নারী আহত হয়েছেন। উভয়কেই রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার (১০ ডিসেম্বর) দিবাগত রাত ও ভোর রাতে কড়াইল বস্তি ও শাজাহানপুর এলাকায় এ দুটি ঘটনা ঘটে।
এসব ঘটনায় আহতরা হলেন রাজন (২২) ও আসমা (৩৬)।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের দায়িত্বে থাকা পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও আহতদের হাসপাতালে নিয়ে আসা ব্যক্তিদের সূত্রে জানা গেছে, বুধবার রাত ৯টার দিকে পূর্ব শত্রুতার জেরে বনানী বিদ্যা নিকেতন কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষে শিক্ষার্থী রাজনকে ছুরিকাঘাত করে দুই-তিনজন দুর্বৃত্ত। ধারালো ছুরি দিয়ে তার মাথা ও ডান হাতে আঘাত করা হয়। আহত অবস্থায় পথচারীরা তাকে রাত ১০টার দিকে ঢামেক হাসপাতালে নিয়ে যান।
অপরদিকে, শাজাহানপুরের আমতলা মসজিদ এলাকায় ভোর সাড়ে ৪টার দিকে আছমাকে অজ্ঞাত দুই-তিনজন দুর্বৃত্ত ছুরি দিয়ে ডান হাত ও মাথায় আঘাত করে রক্তাক্ত জখম করে পালিয়ে যায়।
এক পথচারী তাকে মুমূর্ষু অবস্থায় পড়ে থাকতে দেখে উদ্ধার করে ভোর ৫টার দিকে ঢামেকে নিয়ে যান।
দুটি ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে বলে জানিয়েছেন মো. ফারুক।
রিপোর্টারের নাম 






















