পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেছেন, ৫ আগস্টের পর থেকে দক্ষিণাঞ্চলের মানুষ শান্তিতে থাকলেও অতি উৎসাহী কিছু গোষ্ঠী নাশকতার পথ বেছে নিয়েছে। তারা এখনো শেখ হাসিনার ফিরে আসা ও ক্ষমতায় যাওয়ার দুঃস্বপ্ন দেখছে। কিন্তু যারা পালিয়ে গেছে, তারা আর ফিরে আসতে পারবে না।
শনিবার দুপুরে মোংলায় পৌর ও উপজেলা বিএনপির আয়োজনে আয়োজিত বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘বিএনপি কখনো পালিয়ে যায়নি। ১৭ বছর আমরা সব নির্যাতন সহ্য করেও মাঠে ছিলাম। আর তারা হেলিকপ্টার যোগে ভারতে আশ্রয় নিয়েছে। এখন তারা নতুন করে নাশকতা করার চেষ্টা করছে। বিএনপি কোনো রক্তপাত চায় না, আমরা সবাইকে চিহ্নিত করছি এবং আইন অনুযায়ী তাদের বিচার হবে।’
তিনি আরও বলেন, ‘বিএনপির কেউ যদি ফ্যাসিস্টদের সহায়তা করে, তবে তাদেরও ছাড় দেওয়া হবে না। সুবিধাবাদী, দালাল ও ধান্ধাবাজদের দলে কোনো স্থান নেই। আমরা শান্তিপ্রিয় রাজনীতিতে বিশ্বাসী।’
এর আগে বেলা সাড়ে ১১টার দিকে প্রতিমন্ত্রীর নেতৃত্বে হাজার হাজার নেতাকর্মী দুর্যোগপূর্ণ আবহাওয়া উপেক্ষা করে মোংলা শহরে বিক্ষোভ মিছিল করেন।


























