গণতন্ত্র সুসংহত করতে ‘ফ্যাসিবাদ প্রতিরোধ আইন’ প্রণয়ন এবং বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত অপরাধের বিচার নিশ্চিত করার জোর দাবি জানিয়েছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। একই সঙ্গে জাতীয় ঐক্য বিনষ্টের কারণগুলো চিহ্নিত করে সরকারকে আত্মসমালোচনার আহ্বান জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।
শুক্রবার (২০ নভেম্বর) রাজধানীর বিজয়নগরের বিজয়-৭১ চত্বরে আওয়ামী লীগের চলমান নৈরাজ্যের প্রতিবাদে আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।
ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, ডেটলাইন দিয়ে রাজনৈতিক নাটক সাজানো আওয়ামী লীগের পুরোনো অভ্যাস। দলটির রাজনৈতিক ইতিহাসে অগ্নিসন্ত্রাস ও মানুষ পুড়িয়ে মারার নজির রয়েছে। তিনি আরও বলেন, শেখ হাসিনা জীবিত কিংবা মৃত, কোনো অবস্থাতেই আর বাংলাদেশে ফিরতে পারবেন না।
জাতীয় ঐক্যের বিষয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রীর জাতীয় ঐক্যের আহ্বানকে আমরা স্বাগত জানাই। তবে যেসব নেতার বক্তব্য ও কর্মকাণ্ডের কারণে জাতীয় ঐক্য বিনষ্ট হয়েছে, তাদের চিহ্নিত করতে হবে। আওয়ামী লীগ ও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই।
তিনি আরও বলেন, আওয়ামী ফ্যাসিবাদীদের বিচার নিশ্চিত করতে হবে। প্রয়োজনে নাৎসি বাহিনীর বিচার প্রক্রিয়ার আদলে আইন প্রণয়ন করতে হবে। গণতন্ত্র রক্ষায় এবি পার্টি সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত।


























